খাগড়াছড়িতে এজেন্টের থানায় অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে প্রথম আলোসহ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক পত্রিকা বিক্রি ‘নিষিদ্ধ’ করে পত্রিকার এজেন্টের কাছে উড়োচিঠি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে খাগড়াছড়ি সদরের আদালত সড়কে অবস্থিত পত্রিকা এজেন্টের কার্যালয় খোলার পর চারটি চিঠি পাওয়া যায়।
পত্রিকার এজেন্ট রতন কুমার দে প্রথম আলোকে বলেন, তাঁর কর্মচারী মঙ্গলবার ভোরে কার্যালয় খোলার পর চারটি চিঠি পান। কম্পিউটারে কম্পোজ করা চারটি চিঠির ভাষা একই। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন।
এক পৃষ্ঠার চিঠিতে বলা হয়, ‘শুভেচ্ছা নেবেন। ইদানীং প্রথম আলো, সমকাল, যুগান্তর, ইত্তেফাক, কালের কণ্ঠ, সুপ্রভাতসহ বেশ কিছু জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা এলাকার স্বনামধন্য জনপ্রতিনিধিদের নিয়ে মিথ্যাচার করছে। জনবিরোধী এসব পত্রিকা খাগড়াছড়িতে আনা ও বিক্রি নিষিদ্ধ করা হলো। পত্র প্রাপ্তির পর যদি এসব পত্রিকা খাগড়াছড়ি আসে তার দায়দায়িত্ব আপনাকে নিতে হবে। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী।’
খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো. আবদুল হান্নান বলেন, ‘এজেন্ট রতন কুমারের অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নিয়ে তদন্ত শুরু হয়েছে। আমরা সম্ভাব্য সব বিষয় সামনে রেখে তদন্ত করে দেখছি। সাংবাদিকদের নিয়ে একটি ঝামেলা হয়েছে। ওই বিষয়টিও মাথায় নিয়ে তদন্ত করা হচ্ছে।’
১৮ ডিসেম্বর খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে বালু তোলার ছবি তুলতে গেলে প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক নীরব চৌধুরীকে মোটরসাইকেলে তুলে পৌর কার্যালয়ে নিয়ে যান মেয়রের অনুসারী মো. দিদার ওরফে কসাই দিদার। পরে পৌর কার্যালয়ে নীরব চৌধুরীকে মারধর করেন মেয়র রফিকুল আলম।
নীরব চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে ২০ ডিসেম্বর স্থানীয় ৩৫ জন সাংবাদিক খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মো. দিদার ওরফে কসাই দিদারের নেতৃত্বে ৪০-৪৫ জন সন্ত্রাসী সেখানে গিয়ে সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালাগাল করে বক্তৃতা দেয়। তারা ‘একটি-দুটি সাংবাদিক ধর—ধরে ধরে জবাই কর; সাংবাদিকদের আস্তানা—জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেয়। এ সময় সন্ত্রাসীরা ৩৫ জন সাংবাদিকের ছবি মুঠোফোনের ক্যামেরায় ধারণ করে। ওই সময় সন্ত্রাসীদের হাতে কিরিচ ও লাঠিসোঁটা ছিল।