খাগড়াছড়িতে জেলা আ.লীগের সাধারণ সম্পাদককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি শহরের নারিকেলবাগান এলাকায় গতকাল বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী আহত হয়েছেন।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা এই হামলার জন্য জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম ও তাঁর ছোট ভাই খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমকে দায়ী করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র রফিকুল আলম বলেন, ‘নির্মলেন্দু চৌধুরী একটি বাহিনী তৈরি করেছেন। এতে শহরে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকে (বৃহস্পতিবার) জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এলাকার লোকজন নির্মলেন্দুকে মারধর করেছেন। আমি বরং তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছি।’ বক্তব্য জানতে জাহেদুল আলমের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল দুপুর ১২টার দিকে নারিকেলবাগান এলাকায় জাহেদুল আলমের উপস্থিতিতে ১৫-২০ জন সন্ত্রাসী নির্মলেন্দু চৌধুরীর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করে। একপর্যায়ে লাথি মেরে নির্মলেন্দু চৌধুরীকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে মারধর করতে থাকে। এ সময় তিনি দৌড়ে রাস্তার অপর পাশে একটি বাসায় আশ্রয় নেন। পরে পৌর মেয়র রফিকুল আলম শার্টের কলার ধরে নির্মলেন্দু চৌধুরীকে ওই বাসা থেকে বের করে এনে হাসপাতালে নিয়ে যান।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নয়নময় ত্রিপুরা জানান, নির্মলেন্দু চৌধুরীকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। উন্নত চিকিৎসার জন্য নির্মলেন্দু চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, কেন্দ্রীয় পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য, কেন্দ্রীয় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বিধান কানুনগো হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এদিকে হামলার প্রতিবাদে খাগড়াছড়ি শহরে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। তবে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।