চাঁদাবাজির অভিযোগে খাগড়াছড়িতে পুলিশের তিন কনস্টেবলকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে এক নারী পুলিশের ওই তিন সদস্যের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল ফিরোজুল ইসলাম ও মো. মনিরুজ্জামান এবং গোয়েন্দা শাখার (ডিবি) কনস্টেবল হাফিজুর রহমান।
মামলার বাদী মাংপ্রু মারমা বলেন, ‘গত বুধবার রাতে সাদা পোশাকধারী তিন পুলিশ খাগড়াছড়ি সদরের মধ্য গঞ্জপাড়ায় আমার বাসায় আসেন। তাঁরা এসে আমার স্বামীকে ডাকতে থাকেন। দরজা খুলে না দেওয়ায় তাঁরা আমাদের গালাগাল করেন। একপর্যায়ে দরজা খুলে দিলে তাঁরা ঘরে ঢুকে হাতকড়া পরিয়ে আমার স্বামীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আমরা মাদক ব্যবসা করি—এ অভিযোগ তুলে পুলিশ সদস্যরা আমাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। পরে অনেক দেন-দরবারের পর ২৫ হাজার টাকা দিলে তাঁরা চলে যান। এর এক দিন পর তাঁরা আবারও বাড়িতে এসে নানা হুমকি দিতে থাকেন। তখন তাঁদের আরও দুই হাজার টাকা দেওয়া হয়।’ এরপর তিনি এক আত্মীয়ের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান।
পুলিশ সূত্র জানায়, বিষয়টি পুলিশ সুপারকে জানান সাংবাদিকেরা। এরপর পুলিশ তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। শনিবার দিবাগত রাত তিনটায় ভুক্তভোগী ওই নারী পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ি থানার উপপরিদর্শক (এসআই) নূর জাহান বেগম জানান, পুলিশের ওই তিন সদস্যকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মজিদ আলী জানান, প্রাথমিক তদন্তে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার সত্যতা মেলায় পুলিশের ওই তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।