খাগড়াছড়িতে পাহাড়ের মাটি কেটে পুকুর ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড় থেকে মাটি ট্রাকে তোলা হচ্ছে। ছবিটি গতকাল সকালে খাগড়াছড়ির শালবন গরুর গাড়ি গ্যাপ থেকে তোলা l প্রথম আলো
পাহাড় থেকে মাটি ট্রাকে তোলা হচ্ছে। ছবিটি গতকাল সকালে খাগড়াছড়ির শালবন গরুর গাড়ি গ্যাপ থেকে তোলা l প্রথম আলো

খাগড়াছড়ি জেলা সদরের পৌর এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে পুকুর ভরাট করা হচ্ছে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এ কাজ করছেন বলে ভয়ে কেউ প্রতিবাদ করছে না। জেলা প্রশাসনের এক কর্মকর্তা দুটি কাজই অবৈধ বলে অভিহিত করেছেন এবং এর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
খাগড়াছড়ি পৌর এলাকার শালবাগান এলাকার গরুর গাড়ি গ্যাপ নামক স্থানে অবৈধভাবে প্রতিদিন পাহাড় কাটা হচ্ছে। পাহাড় কাটার মাটি ট্রাক্টরে করে পার্শ্ববর্তী ইসলামপুর এলাকার একটি পুকুর ভরাট করা হচ্ছে। বহুদিন ধরে কাজটি ঘটলেও প্রভাবশালী ব্যক্তিরা এ কাজে জড়িত থাকায় ভয়ে কেউ প্রতিবাদ করছে না। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হলে পুকুরের মালিক, ট্রাক্টর ড্রাইভার সবাই জানান, খাগড়াছড়ি পৌর মেয়রের অনুমতি নিয়ে পাহাড় কাটা হচ্ছে এবং এ মাটি পুকুরে ঢালা হচ্ছে।
সরেজমিনে শালবাগানের গরুর গাড়ি গ্যাপ নামক স্থানে গিয়ে দেখা যায়, দুটি পাহাড়ের মাটি কাটা হচ্ছে। এতে পাহাড়ের ২০-২৫ ফুট উঁচু গভীর খাদ সৃষ্টি হয়েছে। এ খাদের পাশে বসবাস করছে বহু পরিবার।
এক গৃহবধূ জানান, তাঁরা শুধু জানেন মেয়রের নির্দেশে মাটি কাটা হচ্ছে ও ট্রাক্টরে করে মাটি অন্যত্র নিয়ে যাওয়া হয়। বর্ষার সময় এই খাদ থেকে মাটি ধসে পড়ে। তখন খুবই আতঙ্কে থাকি।
মাটি পরিবহনে নিয়োজিত এক ট্রাক্টরের চালক সুরুজ মিয়া (২৮) বলেন, তাঁরা মেয়রের কাজ করছেন। পাহাড়ের মাটি কেটে ইসলামপুরে নিয়ে পুকুর ভরাট করছেন।
ইসলামপুরে যে পুকুরে মাটি ভরাট করা হচ্ছে তার মালিক জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মচারী ফকরুল ইসলাম জানান, পুকুরটি ব্যবহৃত হয় না বলেই ভরাট করা হচ্ছে। পুকুর ভরাটের মাটি কোথায় থেকে আনা হচ্ছে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি মেয়র সাহেব জানেন। মেয়র সাহেব আমার বন্ধু।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, ইসলামপুরে যে পুকুরটি ভরাট করা হচ্ছে সেটি রাস্তার পাশে ড্রেনে যে মাটি ও বালু পড়ে থাকে সেগুলো দিয়ে ভরাট করার কথা। তিনি পাহাড় কাটার কোনো নির্দেশ দেননি এবং বিষয়টি তাঁর জানা নেই বলে জানান।
খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আনার কলি জানান, পাহাড় কাটা ও পুকুর ভরাট দুটোই অবৈধ। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।