খাগড়াছড়িতে বিএনপির তোরণ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে আওয়ামী লীগের কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে তৈরি করা তোরণ ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে সাংগঠনিক সভার প্রস্তুতি চলছিল। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম শফি ও শিক্ষাবিষয়ক সম্পাদক দিদারুল আলমের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। একপর্যায়ে মিছিলকারীরা বিএনপির জেলা কার্যালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় দলীয় কর্মীরা বাধা দিলে আওয়ামী লীগের কর্মীরা সাংগঠনিক সভা উপলক্ষে তৈরি করা তোরণ ভাঙচুর করেন। আওয়ামী লীগের হামলায় আমাদের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপির সাংগঠনিক সভা বানচাল করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা শুক্রবার রাত থেকে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছেন।

তবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শফি হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চট্টগ্রামে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার আগে দলীয় নেতা-কর্মীরা শহরে মিছিল বের করেন। একপর্যায়ে বিএনপির কার্যালয়ের ফটক থেকে মিছিল লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে মিছিলের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। পরে নেতা-কর্মীদের নিয়ে আমরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে চলে আসি।’

খাগড়াছড়ি থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

বিএনপির সাংগঠনিক সভা: পরিস্থিতি শান্ত হওয়ার পর দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে সাংগঠনিক সভা শুরু হয়। জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মজুমদার ও হারুনুর রশিদ হারুন।