খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে গত বৃহস্পতিবার এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পরিমল ত্রিপুরা বলেন, বৃহস্পতিবার দুপুরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী বাড়িতে একা ছিল। ওই সময় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক জিয়া রহমান (৩২) যাত্রী নিয়ে ওই গ্রামে যান। ফেরার পথে শিশুটিকে বাড়িতে একা পেয়ে তিনি ওই ঘটনা ঘটান। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিয়া রহমানকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় শিশুটির বাবা খাগড়াছড়ি থানায় মামলা করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে।
এদিকে ঘটনার প্রতিবাদে ও দায়ী ব্যক্তির শাস্তির দাবিতে গতকাল দুপুরে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ।