খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ওই চারজন আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের কর্মী। তাঁদের কাছ থেকে একটি এসএমজি ও গুলি উদ্ধার করা হয়েছে।
আটক করা ব্যক্তিরা হলেন নির্মল চাকমা (১৮), শিমুল চাকমা (১৮), সুকুমার চাকমা (৪৫) ও সুমন চাকমা (২২)।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীছড়ি জোনের ক্যাপ্টেন এস এম জাওয়াদ মাশকুর প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাত ১২টা থেকে লক্ষ্মীছড়ির দুর্গম সবুর পাড়ায় সেনাবাহিনী অভিযান শুরু করে। সম্ভাব্য দুটি এলাকা ঘিরে রাখা হয়। গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে একটি আস্তানায় অভিযান শুরু করলে সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালান। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাঁদের আটক করেন। ওই আস্তানা থেকে একটি এসএমজি, চারটি গুলি, চারটি ম্যাগজিন ও ইউপিডিএফের চাঁদার রসিদ উদ্ধার করা হয়েছে। বিকেলে তাঁদের থানায় হস্তান্তর করা হয়।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রফিক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ওই চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।