খাগড়াছড়িতে হাসপাতালে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা চিকিৎসায় এক গাড়িচালকের মৃত্যুর অভিযোগ তুলে গত বুধবার রাতে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও একটি ক্লিনিকে হামলা ও ভাঙচুর চালিয়েছেন পরিবহন শ্রমিকেরা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুউদ্দিন বলেন, গত বুধবার সন্ধ্যায় চেঙ্গি ব্রিজ এলাকায় ইটবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি চাঁদের গাড়িকে ধাক্কা দেয়। এতে চাঁদের গাড়ির চালক রূপম দে (৩৫), তাঁর সহকারী উলাচাইং (২২) এবং সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সুমাইয়া (১০) আহত হয়। রাত নয়টার দিকে রূপম দে সদর হাসপাতালে মারা যান।
রূপম দের ছোট ভাই স্বপন দে বলেন, তাঁর বড় ভাইকে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে কোনো চিকিৎসক না থাকায় তাঁকে নারকেলবাগান এলাকার লাইফ কেয়ারে নেওয়া হয়। কিন্তু সেখানেও কোনো চিকিৎসক না পেয়ে তাঁকে আবার সদর হাসপাতালে আনা হয়। রাতে তিনি বিনা চিকিৎসায় সেখানে মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাড়িচালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত সোয়া ১২টার দিকে উত্তেজিত শ্রমিকেরা প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও রাত একটার দিকে শহরের নারিকেলবাগান এলাকার একটি প্রাইভেট ক্লিনিকের জানালা ও দরজার কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নয়ন ত্রিপুরা বলেন, বুধবার রাতে হাসপাতালে চিকিৎসক ত্রিতন চাকমা কর্তব্যরত ছিলেন। বিনা চিকিৎসায় ওই গাড়িচালকের মৃত্যুর অভিযোগ তিনি অস্বীকার করেন।
খাগড়াছড়ির সিভিল সার্জন নীশিত নন্দী মজুমদার বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে রূপমের লাশের ময়নাতদন্ত হয়েছে। পরে তাঁর লাশ মহালছড়ির গ্রামের বাড়িতে নেওয়া হয়।
এদিকে গতকাল বৃহস্পতিবার সড়ক পরিবহন মালিক গ্রুপ ও বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা সিভিল সার্জনের গঠন করা তদন্ত কমিটি প্রত্যাখ্যান করেন। তাঁরা এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী সোমবারের মধ্যে দুই চিকিৎসককে প্রত্যাহার করা না হলে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
শহরে একটি পরিবহনের কাউন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মালিক গ্রুপের নবনির্বাচিত সভাপতি এস এম শফি ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।