খাগড়াছড়িতে ২৬৭ স্বাস্থ্যকর্মী বেতন-ভাতা পাচ্ছেন না এক বছর
খাগড়াছড়ির দুর্গম এলাকাগুলোতে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার কাজ করতেন ২৬৭ জন স্বাস্থ্যকর্মী। এক বছর ধরে বেতন-ভাতা পাচ্ছেন না তাঁরা। বেতন-ভাতার পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ বন্ধ রয়েছে। ফলে প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা দেওয়ার কাজও তাঁরা করতে পারছেন না।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় এই স্বাস্থ্যকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছিল ২০০২ সালে। খাগড়াছড়ির পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা ও লক্ষ্মীছড়ি উপজেলাকে এই স্বাস্থ্যসেবার আওতায় আনা হয়েছিল।
২৬৭ স্বাস্থ্যকর্মীর মধ্যে ৫০ জনকে আলাদাভাবে ধাত্রীবিদ্যায় প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। একজন স্বাস্থ্যকর্মী এক থেকে দুটি গ্রামের দায়িত্ব পেয়েছিলেন। উপজেলার বিভিন্ন এলাকায় শিশুদের কৃমিনাশক ও ভিটামিন এ-ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতেন স্বাস্থ্যকর্মীরা। এ ছাড়া তাঁরা গর্ভবতী মায়েদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি সন্তানও প্রসব করাতেন।
গত বছরের সেপ্টেম্বর মাসে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে প্রকল্পটির দায়িত্বভার বুঝিয়ে দেয় ইউএনডিপি। অক্টোবর মাস থেকে স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে।
স্বাস্থ্যকর্মী বিউটি ত্রিপুরা বলেন, ‘আমরা এক বছর ওষুধ ও বেতন-ভাতা পাচ্ছি না। চাকরি আছে কি না, তা-ও বলা হচ্ছে না। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে চারবার আবেদন করেছি। সর্বশেষ আবেদন করেছি ৩০ জুলাই। উনি আশ্বাস প্রদান করলেও এক বছরে কোনো বেতন-ভাতা পাইনি। বর্তমানে কর্মীরা আর্থিক সংকটে চরম মানবেতর জীবন যাপন করছেন।’
প্রকল্পের জেলা স্বাস্থ্য কর্মকর্তা লক্ষ্মীধন ত্রিপুরা মুঠোফোনে বলেন, ‘গত বছর আমাদের প্রকল্প শেষ হওয়ার কারণে দাতা সংস্থার করা চুক্তিও শেষ হয়েছে। চুক্তি শেষ হওয়ার পর ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বেতন-ভাতাসহ জেলা পরিষদকে বুঝিয়ে দেওয়া হয়েছিল।’
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, গত বছর জেলা পরিষদ স্বাস্থ্যকর্মীদের নিয়োগ দিলেও আর্থিক সহযোগিতা দিয়েছে ইউএনডিপি। স্বাস্থ্যকর্মীদের বেতন দেওয়ার জন্য জেলা পরিষদের আলাদা বরাদ্দ নেই। তবে স্বাস্থ্যকর্মীদের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হয়েছে। কিন্তু মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দেয়নি।