খাজনা আদায়কারীদের প্রহারে কৃষক আহত
বগুড়ার শেরপুরে ভবানীপুর হাটের টোল আদায়কারীদের প্রহারে আহত হয়েছেন এক কৃষক। এ সময় তাঁর কাছে থেকে টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে কৃষক আনোয়ার হোসেন (৩৫) হাটের পাশে আঁটাইল গ্রামে বাড়ি ফেরার পথে গ্রামের সড়কের ওপর এই হামলার ঘটনা ঘটে। রাতে স্থানীয় লোকজন তাঁকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সানজিদা আক্তার বলেন, তাঁর দুই হাতে ফোলা জখম রয়েছে।
এ ঘটনায় রোববার রাতে ওই কৃষকের বাবা আলাউদ্দিন সরকার বাদী হয়ে ওই হাটের চারজন টোল (খাজনা) আদায়কারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
আনোয়ার হোসেন বলেন, ‘রোববার তিনি হাটে ৭০ মণ ধান ৩৭ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন। পরে হাটে তিনটি বাঁশের ডালা কেনার সময় টোল আদায়কারী সুমন (২৫) ডালাপ্রতি ১০ টাকা খাজনা দাবি করে। আগের মতো ডালাপ্রতি তিন টাকা খাজনা দিতে চাইলে আদায়কারী টাকা না নিয়ে চলে যায়। এর জের ধরে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তারা মারধর করে।