বগুড়ার শিবগঞ্জ উপজেলার কোরবানির পশুর বিভিন্ন হাটে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকেই খাজনাসহ অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ উঠেছে।
এদিকে পশু বিক্রির খাজনারতালিকাকোনোপশুরহাটে টাঙানো হয়নি বলে জানা গেছে। যদিও সহজে দেখা যায় এমন কোনো জায়গায় ওই তালিকা টাঙানোর বিধান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় কোরবানির পশু বিক্রির ১৬টি হাট রয়েছে। এসব হাটে প্রতিটি গরু ও মহিষের জন্য ২৫০ এবং ছাগলের জন্য ৭০ টাকা খাজনা আদায় করার কথা। কিন্তু স্থানীয় সূত্রগুলোবলছে, উপজেলার বেশির ভাগ হাটেই এই নিয়ম মানা হয় না। ইজারাদারেরা ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করছেন। তাঁরা ক্রেতার কাছ থেকে গরু ও মহিষপ্রতি ৫০০-৬০০ এবং বিক্রেতার কাছ থেকে ১০০ টাকা করে নিচ্ছেন। আর ছাগলের ক্ষেত্রে ক্রেতাকে ৩০০ ও বিক্রেতাকে ৫০-১০০ টাকা দিতে হচ্ছে।
উপজেলার হাটগুলোর মধ্যে মহাস্থান ও বিলহামলা হাটে পশু বেচাকেনা হয় বেশি।গত বুধবার ও গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, মহাস্থান হাটের ইজারাদারের লোকজন গরুর জন্য ক্রেতার কাছ থেকে ৬০০ ও বিক্রেতা ১০০ করে মোট ৭০০ টাকা খাজনা নিচ্ছেন। আর ছাগলের জন্য ক্রেতা ৩০০ ও বিক্রেতা ১০০ মোট ৪০০ টাকা দিচ্ছেন। অন্যদিকে বিলহামলা হাটে গরুর জন্য ক্রেতাকে ৫০০ ও বিক্রেতাকে ১০০ টাকা খাজনা দিতে হচ্ছে। এখানে ছাগলের ক্ষেত্রে ক্রেতাকে দিতে হচ্ছে ৩০০ ও বিক্রেতাকে ৫০ টাকা। তবে খাজনা আদায়ের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা কাউকে খাজনার আদায়ের রসিদ দেওয়া হচ্ছে না। শুধু পশু বিক্রির রসিদ দেওয়া হচ্ছে।
মহাস্থান হাটে উপজেলার কুড়াহার গ্রামের আরাফাত হোসেন বলেন, ‘৩৮ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। এর জন্য ৬০০ টাকা খাজনা দিতে হলো।’ গরুর বিক্রেতা শামছুল হক বলেন, ‘আমাকেও এ জন্য ১০০ টাকা খাজনা দিতে হয়েছে।’ ক্রেতা আজিজুল ইসলাম বলেন, ‘ছয় হাজার টাকা দিয়ে একটি খাসি কিনে ৩০০ টাকা খাজনা দিতে হলো।’ খাসির বিক্রেতা আবদুল গফুর বলেন, ‘আমার কাছ থেকে খাজনা নিয়েছে ১০০ টাকা।’
গরুর ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, শুধু পশুর ক্রেতার কাছ থেকে খাজনা নেওয়ার নিয়ম। কিন্তু হাটে ইজারাদারের লোকজন বিক্রেতার কাছ থেকেও টাকা আদায় করছেন। উপজেলার বেশির ভাগ হাটে একই অবস্থা।
মহাস্থান হাটের ইজারাদারের পক্ষে খাজনা আদায়কারী রায়হান আলী অতিরিক্ত খাজনা আদায়ের কথা স্বীকার করে বলেন, ‘কোরবানির ঈদ উপলক্ষে সব হাটেই খাজনা বেশি নেওয়া হচ্ছে। তাই আমরাও নিচ্ছি।’ বিলহামলা হাটের পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, ‘হাট পরিচালনায় খরচ বেড়ে গেছে। তাই আমরা কিছু টাকা বেশি নিচ্ছি।’
ইউএনও আমিনুর রহমান বলেন, কোরবানির পশুর হাটে কেনা-বেচায় অতিরিক্ত খাজনা নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো হাটের ইজারাদার অতিরিক্ত খাজনা আদায় করেন, তবে প্রমাণসহ কেউ অভিযোগ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর খাজনার তালিকা টাঙানোর জন্য হাটের ইজারাদার ও চেয়ারম্যানদের বলা হয়েছে।