ঈদুল আজহা সামনে রেখে নওগাঁর বিভিন্ন পশুর হাটে খাজনার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো হাটেই টানানো হয়নি সরকার নির্ধারিত খাজনার (টোল) তালিকা।
জেলা প্রশাসনের কর্মকর্তা সূত্রে জানা যায়, নওগাঁয় ছোট-বড় ১০৮টি হাট-বাজার রয়েছে। এর মধ্যে স্থায়ী পশুর হাট রয়েছে ৩৮টি। এবার সরকার প্রতিটি গরুর জন্য ২০০ টাকা এবং খাসির জন্য ৭৫ টাকা খাজনা নির্ধারণ করে দিয়েছে।
জেলায় পশু বেচাকেনার বড় হাট মান্দা উপজেলার চৌবাড়িয়া, সতীহাট, দেলুয়াবাড়ী হাট; নিয়ামতপুরের ছাতড়া, বটতলী; মহাদেবপুর উপজেলার মাতাজী; বদলগাছীর কোলা; রানীনগরের আবাদপুকুর; আত্রাইয়ের আহসানগঞ্জ; সাপাহারের উমইল; পত্নীতলার মধুইল; পোরশার মর্শিদপুর, গাংগুরিয়া এবং ধামুইরহাটের ইসবপুর ও আগ্রাদ্বিগুন হাট। এই প্রতিবেদক ৭ সেপ্টেম্বর ১১ সেপ্টেপম্বর পর্যন্ত ওই সব হাট ঘুরে দেখেছেন। এখনো সেখানে একই রকম অবস্থা। এসব হাটের কোনোটিতে গতকাল মঙ্গলবার পর্যন্ত টানানো হয়নি খাজনার তালিকা। খাজনা ছাড়াও অর্থ আদায় করা হচ্ছিল। শুধু ক্রেতার কাছ থেকে টাকা নেওয়ার নিয়ম। কিন্তু হাটে ইজারাদারের লোকজন বিক্রেতার কাছ থেকেও টাকা আদায় করছিলেন।
মান্দার চৌবাড়িয়া হাটে দেখা যায়, বিভিন্ন ‘ফান্ডের’ কথা বলে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে টাকা আদায় করছেন ইজারাদারের লোকজন। কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকারি পশু চিকিৎসক থাকার কথা থাকলেও এ হাটের কোথাও তাঁদের দেখা মেলেনি।
মান্দার বালুবাজার গ্রামের আবদুস সামাদ ৩৫ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন। খাজনা বাবদ তাঁর কাছ থেকে ৩০০ টাকা নেওয়া হয়। বিক্রেতা বেলাল আহমেদকে দিতে হয়েছে ২০ টাকা। খাজনা আদায়ের রশিদে অনেক তথ্য ঠিকঠাক থাকলেও খাজনার ঘরে টাকার পরিমাণ লেখা নেই।
খাসি কিনতে আসা নিয়ামতপুরের গাবতলী গ্রামের জামাল উদ্দিন বলেন, ‘পাঁচ হাজার টাকায় একটি খাসি কিনেছি। এর জন্য ২০০ টাকা খাজনা দিতে হলো। আবার রশিদে খাজনার টাকার পরিমাণও লেখা নেই। হাটের পরিচ্ছন্নতা কর্মীরা ঈদ সেলামির নাম করে আরও ২০ টাকা নিল।’
অভিযোগ অস্বীকার করে চৌবাড়িয়া হাটের ইজারাদার আবুল বাশার জানান, আড়াই কোটির বেশি টাকায় হাটটি ইজারা নেওয়া হয়েছে। পুরো টাকা উঠবে কি না, সেটা নিয়ে সংশয়ে আছেন তাঁরা। তারপরও বেশি খাজনা নেওয়া হচ্ছে না। আর খাজনার তালিকা টানানোর জন্য সাইনবোর্ড বানাতে দেওয়া হয়েছে। দ্রুতই সেগুলো হাটে টানিয়ে দেওয়া হবে।
ছাতড়া, সতীহাট ও সাপাহার হাটের ইজারাদার রফিকুল ইসলাম খাজনা নেওয়ার বিষেয় বলেন, কোরবানি উপলক্ষে খাজনা একটু বেশি নেওয়া হচ্ছে। খাজনার তালিকা শিগগিরই টানানো হবে।
জেলা প্রশাসক আমিনুর রহমান বলেন, হাট-বাজারে খাজনার তালিকা টানানোর জন্য আগেই নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও কেউ খাজনার তালিকা না টানালে ব্যবস্থা নেওয়া হবে।