খাজানা মিঠাইকে তিন লাখ টাকা জরিমানা

মিষ্টি খাবার তৈরির প্রতিষ্ঠান খাজানা মিঠাইয়ে ঝটিকা অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, নোংরা পরিবেশসহ তিনটি অভিযোগে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়েছে।
আজ বুধবার বেলা সোয়া ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে এই অভিযান শুরু হয়। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তিনটি মামলা করে। এই তিনটি মামলায় তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। প্রতিষ্ঠানটি জরিমানা শোধ করে দেয়।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। তিনি বলেন, খাজানা মিঠাই যে পণ্যগুলো তৈরি করছে, তার কোনোটারই লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়াই ১১ মাস ধরে তারা এগুলো উৎপাদন করছে এবং বিএসটিআইয়ের সিল ব্যবহার করছে।
তবে খাজানা মিঠাইয়ের কারখানার ব্যবস্থাপক বাদশা ফয়সাল দাবি করছেন, তাঁরা গত বছরে রমজানের সময় বিএসটিআইয়ের কাছে লাইসেন্স নবায়নের আবেদন করেছিলেন। তবে বিএসটিআইয়ের জনবল কম থাকায় লাইসেন্স নবায়নে দেরি হচ্ছিল। তিনি বলেন, ‘এর আগে কখনো খাজানা মিঠাইয়ে অভিযান চালানো হয়নি। আমরা কখনো মানের ব্যাপারে সমঝোতা করিনি। ম্যাজিস্ট্রেট স্যার যেটা ভালো মনে করেছেন, সেটা করেছেন। এটুকুই।’
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেরানীগঞ্জ থেকে সেমাই তৈরি করে নিয়ে আনার প্রমাণ পায়। এই অভিযোগের ব্যাপারে বাদশা ফয়সাল বলেন, ‘আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে।’
অভিযানে বিএসটিআইয়ের মহাপরিচালক সাইফুল হাসিব জানান, কর্তৃপক্ষ বেশ কয়েকবার নোটিশ দিয়ে খাজানা মিঠাইকে লাইসেন্স নবায়ন করার তাগিদ দিয়েছিল। তিনি বলেন, ‘আমরা তাঁদের বলেছি, লাইসেন্স নবায়ন করতে। কিন্তু তাঁরা যদি না করেন, জোর করে তো আর হয় না। বিএসটিআইয়ের লোকবলের সংকটের কথা একদম মিথ্যা কথা। এ ধরনের সংকট আমাদের নেই।’
পরে অভিযান শেষে গণমাধ্যমকর্মীদের সাইফুল হাসিব বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, খাজানা মিঠাই দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে প্রতারণা করে চলেছে। তাদের এখানে যে পণ্য উৎপাদন করার কথা, তারা তা সাবকনটাক্ট দিয়ে অন্য জায়গায় উৎপাদন করছে। এটি অবৈধ।’ এটি একটি প্রতীকী জরিমানা। এর মাধ্যমে অন্য প্রতিষ্ঠান ও জনগণ সতর্ক হবে বলেও জানান তিনি।
কেন রমজান মাস এলেই এমন অভিযান হয়—সাংবাদিকদের এমন প্রশ্নে সাইফুল হাসিব বলেন, অবশ্যই সারা বছরই অভিযান চালানো হয়। রোজার মাসে জনগণ একটু বেশি ভালো খাবার খেতে চায় আর সে সময়ই এই সব প্রতারণা হয়। এটা তাদের নিয়মিত কার্যক্রম।