খাটে স্ত্রীর লাশ, ফ্যানে ঝুলছেন স্বামী
রাজধানীর হাজারীবাগে স্ত্রীকে গলা কেটে হত্যার পরে স্বামী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাত আটটার দিকে হাজারীবাগের গজমহল রোডে এ ঘটনা ঘটে। পুলিশ বাড়ির তিনতলার কক্ষ থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করেছে।
নিহত দম্পতি হলেন চামড়া ব্যবসায়ী মো. রাসেল (২২) ও তাঁর স্ত্রী উম্মে মীরা ইফাত (১৮)।
গতকাল গজমহল রোডের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের মেঝেতে পুলিশের বডিব্যাগে রাসেলের লাশ ভরে রাখা হয়েছে। আর ইফাতের মরদেহ তখনো বিছানায়। মাথার দিকটা রক্তে ভেজা। দেয়ালেও রক্তের ছিটা লেগেছে। পাশেই পড়ে আছে ছুরিটা।
পুলিশ ও নিহত দম্পতির স্বজনেরা জানান, ১৪ মাস আগে প্রেম করে বিয়ে করেন এই দম্পতি। বিয়ের সময় রাসেল একটি ট্যানারিতে চাকরি করতেন। বিয়ের পরে ইফাতের পরিবার রাসেলকে তিন লাখ টাকা যৌতুক দেয়। দুই লাখ টাকা দিয়ে রাসেলও চামড়ার ব্যবসায় নেমে পড়েন। আর এক লাখ টাকার আসবাবপত্র কেনা হয়। তাঁরা গজমহল রোডে মাসিক চার হাজার টাকায় একটি ঘর ভাড়া নিয়ে সংসার শুরু করেন। বিয়ের কয়েক মাস পরেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। ইফাত স্বামীর ঘর ছেড়ে কাছেই বাবার বাড়িতে গিয়ে থাকা শুরু করেন। একপর্যায়ে দুই পরিবারের লোকজন দুজনের মধ্যে বিচ্ছেদের চেষ্টা শুরু করেন। যৌতুক হিসেবে দেওয়া আসবাবপত্র ফেরত নেওয়া হয়। বাকি দুই লাখ টাকা ফেরত নেওয়ার জন্য রাসেলকে চাপ দিচ্ছিলেন ইফাত। একপর্যায়ে গতকাল বিকেলে রাসেল ফোন করে ইফাতকে এসে তাঁর বাবার দেওয়া টাকা নিয়ে যেতে বলেন। ইফাত ও তাঁর বোন সিফাত সন্ধ্যার দিকে টাকা নিতে আসেন। ইফাত আগে আগে তিনতলায় যেতেই তাঁকে ঘরে ঢুকিয়ে দরজা আটকে দেন রাসেল। তখন বাইরে থেকে শুধু রাসেলের চিৎকার শোনা যাচ্ছিল। সিফাত তাঁর বাবাকে ফোন দেন, অন্যদেরও ডেকে আনেন। সবাই মিলে জানালা দিয়ে দেখেন, ইফাতের রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। আর ইফাতের ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন রাসেল।
পুলিশের ধারণা, ঘরে ঢুকিয়েই ছুরি দিয়ে ইফাতের শ্বাসনালি কেটে ফেলেছেন রাসেল। এরপর নিজে ওড়না দিয়ে ঝুলে পড়েছেন। নিহত ইফাত পরনের বোরখা খোলারও সময় পাননি।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন রাসেল।
নিহত ইফাতের বাবা সিরাজুল ইসলাম বলেন, ১৪ মাস আগে তাঁদের বিয়ে হয়। তখন তাঁর মেয়েটা সবে এসএসসি পাস করেছে।