এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলার পর বাড়িতে পুলিশ গেলে ছাদে আত্মগোপন করে গত বুধবার সকালে গ্রেপ্তার এড়িয়েছিলেন ওই মামলার আসামি বাহাউদ্দিন ওরফে ইভান। এরপর তিনি বিভিন্ন জায়গা ঘুরে নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগে খালার বাড়িতে আশ্রয় নেন। বৃহস্পতিবার বিকেলে সেখানে র্যাব-১১-এর একটি দলের উপস্থিতি টের পেয়ে খাটের নিচে ঢুকেছিলেন। র্যাব সদস্যরা পা দেখতে পেয়ে তাঁকে টেনে বের করেন।
গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এবং এর পরে এসব তথ্য জানানো হয়। র্যাব বলেছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাহাউদ্দিন ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। পরে তাঁকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানালে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। সেখানে র্যাব-১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম ও র্যাব-১১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জন্মদিনের দাওয়াতের কথা বলে বনানীর ন্যাম ভিলেজের বাসায় অভিনেত্রী এক তরুণীকে ডেকে নিয়ে গত মঙ্গলবার রাতে ধর্ষণের অভিযোগে বাহাউদ্দিনের বিরুদ্ধে বুধবার সকালে বনানী থানায় মামলা হয়। বাহাউদ্দিন তাঁর বাবার ব্যবসা দেখাশোনা করেন।
বনানীর বাসায় পুলিশের অভিযানের খবর বাহাউদ্দিন আগেই কীভাবে জানলেন—সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, ওই আবাসিক এলাকার বাসাবাড়ির নিরাপত্তাব্যবস্থা বেশ ভালো। সেখানে নিরাপত্তাকর্মী থাকেন। বাহাউদ্দিন কোনোভাবে পুলিশ আসার তথ্য জেনে থাকতে পারেন।
র্যাব কর্মকর্তারা বলেন, জিজ্ঞাসাবাদে বাহাউদ্দিনের স্বজনেরা বলেছেন, মাঝেমধ্যেই বাহাউদ্দিন ‘মেয়েসংক্রান্ত’ ঝামেলায় জড়ান এবং পালিয়ে স্বজনদের বাড়িতে আশ্রয় নেন। বাহাউদ্দিন ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। তাঁর স্ত্রী-সন্তান আছে। ২০০৫ সাল থেকে তিনি মাদক সেবন শুরু করেন। নানা অপকর্মে তাঁর জড়িয়ে পড়ার তথ্য মিলেছে।
এজাহারে ‘বাহাউদ্দিন ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দিতেন’ বলে তরুণী উল্লেখ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে র্যাব বলেছে, এর আগে ৩০০ ফুট এলাকায় মেয়েটিকে নিয়ে ঘোরার সময় বাহাউদ্দিন কিছু ভিডিও করেছিলেন বলে র্যাবকে জানিয়েছেন। তবে সেগুলো উদ্ধার করা যায়নি।