খাদিজা শঙ্কামুক্ত নন

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। গতকাল বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে।
গতকাল সকালে খাদিজা বেগমের চাচা আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজার পাশে থাকা তাঁদের স্বজনেরা জানিয়েছেন, খাদিজা চোখ মেলে তাকিয়েছেন। তাঁর অবস্থার উন্নতি হয়েছে। তবে নিউরোসার্জারি বিভাগের পরামর্শক রেজাউস সাত্তার বলেন, খাদিজা সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়। তাঁর অবস্থা অপরিবর্তিত আছে।
এদিকে গতকালই সৌদি আরবের জেদ্দা থেকে মেয়ের কাছে এসে পৌঁছান মাশুক মিয়া। খাদিজার বড় ভাই শাহিন আহমেদও চীন থেকে দেশে ফিরেছেন কাল। স্কয়ার হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের মাশুক মিয়া বলেন, ‘আমার মেয়ের মতো অবস্থা যেন আর কোনো নারীর না হয়।’ তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদরুল আলমের বিচার দাবি করেছেন।
খাদিজা গত সোমবার পরীক্ষা দিতে সিলেটের এমসি কলেজে গিয়েছিলেন। পরীক্ষা শেষে ফেরার সময় এমসি কলেজের পুকুরপাড়ে তাঁকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম (২৬)। দীর্ঘদিন ধরেই তিনি খাদিজাকে উত্ত্যক্ত করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ খাদিজাকে কোপানোর দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। সেই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রক্তাক্ত খাদিজাকে কলেজছাত্র ও স্থানীয় জনতা দ্রুত সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে ঢাকায় আনা হয়। পরদিন থেকে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ওই দিন চিকিৎসকেরা জানান, খাদিজা ইলেকটিভ ভেন্টিলেশনে (লাইফ সাপোর্ট) আছেন। তাঁর মাথায় ও দুই হাতে অসংখ্য কোপের ক্ষত। খুব জটিল অস্ত্রোপচার হয়েছে তাঁর। এ ধরনের রোগীর বেঁচে থাকার সম্ভাবনা ৫ শতাংশ। ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাবে না। আজ সেই ৭২ ঘণ্টা শেষ হবে।
এদিকে বদরুল ইতিমধ্যে সব অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

আইসিইউতে ঢুকে রাজনীতিকদের সেলফি তোলা নিয়ে ঝড়: স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ঢুকে সাংসদ সাবিনা আক্তার তুহিন, সাবেক সাংসদ অপু উকিল ও যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক কোহেলি কুদ্দুসের মুঠোফোনে ছবি (সেলফি) তোলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এ খবর প্রকাশের পর প্রথম আলো অনলাইনেও পাঠকদের বড় অংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে সাবিনা আক্তার তাঁর ফেসবুক ওয়ালে সেলফি পোস্ট করেন। সেখানে তিন নারী নেত্রীকে আইসিইউর গাউন গায়ে জড়িয়ে সারি বেঁধে ছবি তুলতে দেখা যায়। সে সময় তাঁদের পেছনে দেখা যাচ্ছিল নাকে-মুখে নল লাগানো অচেতন খাদিজাকে।
ওই তিন নেত্রীর বক্তব্য প্রচারের পর প্রথম আলোর অনলাইন সংস্করণে এক পাঠক মন্তব্য করেন, ‘কোহেলি কুদ্দুস দুঃখপ্রকাশের নামে বরং তাঁদের কাজের পক্ষেই সাফাই গেয়েছেন। অপু উকিল, কোহেলি ও সাবিনা আক্তার তুহিন আইসিইউতে খাদিজার শয্যাপাশে দাঁড়িয়ে সেলফি তুলে অমানবিক কাজ করেছেন। তাঁদের উচিত ছিল এ জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা, কিন্তু তা না করে তাঁরা ইনিয়ে-বিনিয়ে নিজেদের কাজকে যুক্তিসংগত করে তোলার চেষ্টা করছেন, তাঁরা শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন।’ আরেক পাঠক লিখেছেন, ‘ছবিটা যদি খাদিজার একার হতো, তাহলে আপনার অজুহাত মেনে নেওয়া যেত, ঠিক হয়নি এ কাজটা৷’
তুমুল সমালোচনার মুখে তিনজনই পরে বলেন, তাঁরা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে ছবি তোলেননি। সাবিনা আক্তার তুহিন বিবিসি বাংলাকে বলেন, ‘ছবি সেলফি মনে হলেও এটা সেলফি না। আমাদের এক ছোট ভাই ছবিটা তোলে। এটা ভুল হয়েছে। কিন্তু মেয়েটা মারা যায়নি, তার পাশে আমরা আছি এটা বোঝানোর জন্য সরল মনে ছবিটা আপলোড দিয়েছিলাম।’ অপু উকিল বলেন, এ ধরনের ছবি তোলা একেবারেই যুক্তিযুক্ত না বলে তিনি মনে করেন। কোহেলি কুদ্দুস তাঁর ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করেন।