খাদিজা হত্যাচেষ্টা: বদরুলের বিরুদ্ধে অভিযোগপত্র

সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগমকে হত্যাচেষ্টার মামলায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা (বর্তমানে বহিষ্কৃত) বদরুল আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগরের অতিরিক্ত বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।
এক মাস পাঁচ দিনের মাথায় আলোচিত এ ঘটনার অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযোগপত্রে ৩৬ জনকে সাক্ষী রাখা হয়েছে। আলামত হিসেবে খাদিজাকে যে চাপাতি দিয়ে কোপানো হয়েছে, সেই চাপাতি, খাদিজার রক্তমাখা জামা ও ঘটনার তিনটি ভিডিও ফুটেজ আদালতে জমা দেওয়া হয়েছে।
হারুনুর রশিদ প্রথম আলোকে জানান, খাদিজার সঙ্গে বদরুলের দাবি অনুযায়ী প্রেমসংক্রান্ত কোনো তথ্যের সত্যতা পাওয়া যায়নি। খাদিজাকে ধারাবাহিকভাবে উত্ত্যক্ত করার একপর্যায়ে বদরুল কুপিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ জানান, অভিযোগপত্রটি আদালতের ধার্য তারিখে উপস্থাপন হবে।
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা গত ৩ অক্টোবর পরীক্ষা শেষে বিকেলে এমসি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে বের হচ্ছিলেন। এ সময় তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল। ঘটনার পরপরই জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেন। খাদিজাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে প্রথমে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
খাদিজার বাড়ি সিলেট সদর উপজেলার হাউসা গ্রামে। তাঁর বাবা মাসুক মিয়া সৌদিপ্রবাসী। এ ঘটনার পরদিন ৪ অক্টোবর খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন। গ্রেপ্তার হওয়া বদরুল ৫ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেন। জবানবন্দিতে বদরুল দাবি করেছিলেন, খাদিজার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনে তিনি রাগের মাথায় ঘটনা ঘটিয়েছেন।
বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি শেষ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মানিজ্ঞাতি গ্রামে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় থেকে বদরুলকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।