সফটওয়্যার কারসাজি করে অযোগ্যদের নিয়োগের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য পরিদর্শক পদে ৪৪ জনকে নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে খাদ্য অধিদপ্তরের পরিচালক, এক যুগ্ম সচিব ও দুই উপসচিবসহ মোট ৫৩ জনকে আসামি করা হয়েছে। প্রকৃত মেধাবীদের বঞ্চিত করে অনিয়মের মাধ্যমে অযোগ্যদের নিয়োগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। 

আজ বুধবার শাহবাগ থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক ও অভিযোগটির অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক। দুদকের উপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, খাদ্য অধিদপ্তরের তৃতীয় শ্রেণির ১০টি ক্যাটাগরিতে (খাদ্য পরিদর্শক, উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক, সুপারভাইজার, অডিটর, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক, ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, সহকারী অপারেটর) ১ হাজার ৫৫২টি শূন্যপদ পূরণের জন্য ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
প্রার্থীদের আবেদনপত্র তালিকাভুক্ত করাসহ ফলাফল প্রকাশ পর্যন্ত যাবতীয় কাজের জন্য তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট প্ল্যানার্স অ্যান্ড কনসালট্যান্টসের (ডিপিসি) সঙ্গে অধিদপ্তরের চুক্তি হয়।
অনুসন্ধানে দেখা গেছে, অধিদপ্তরের বিভাগীয় বাছাই কমিটির পাঁচজন সদস্য ও চুক্তিবদ্ধ ডিপিসির চারজন কর্মকর্তা-কর্মচারী পরস্পর যোগসাজশে অবৈধভাবে অযোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ করে দিয়েছেন। পরীক্ষায় ফলাফল প্রকাশে কম্পিউটার সফটওয়্যার পরিবর্তন করে মেধাবী প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের ফলাফলে অধিক নম্বর প্রাপ্তি দেখিয়ে ৪৪ জন প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে।
কমিশনের অনুসন্ধানে এ সব অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪১৮ / ৪২০ / ৪৭৭ (ক) / ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি করা হয়েছে।
মামলায় অধিদপ্তরের বিভাগীয় বাছাই কমিটির পাঁচজন সদস্য, ডিপিসির চারজন কর্মকর্তা-কর্মচারী এবং নিয়োগ পাওয়া ৪৪ জন খাদ্য পরিদর্শককে আসামি করা হয়েছে।

মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন‍-খাদ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি (বর্তমানে পরিচালক-সংগ্রহ) ইলাহী দাদ খান, খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব (বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব) নাসিমা বেগম, সরকারি কর্মকমিশনের সাবেক উপপরিচালক ও উপসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখার আহমেদ ও সিনিয়র সহকারী সচিব রোকেয়া খাতুন, ডিপিসির ম্যানেজার (প্রশাসন) মো. আইউব আলী, সাবেক সিস্টেম অ্যানালিস্ট আসাদুর রহমান, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার মো. আরিফ হোসেন ও অ্যাসিস্ট্যান্ট ডেটাবেজ এডমিন মো. আবুল কাসেম।

এজাহারভুক্ত খাদ্য পরিদর্শকেরা হলেন‍ শরীয়তপুরের মুহাম্মদ তাজুল ইসলাম, কোম্পানীগঞ্জের মো. জহিরুল ইসলাম, সিলেট সদর উপজেলার অপূর্ব কুমার রায়, সাভারের আবু জাকির মোহাম্মদ রিজওয়ানুর রহমান, ফরিদপুরের বোয়ালমারীর আসমা রহমান, মানিকগঞ্জের হরিরামপুরের আসমা ইসলাম, সিলেটের বিয়ানীবাজারের জাহানারা জলি, শেরপুরের নয়াবিল টিপিসির অলিউর রহমান, জামালপুর সদরের সানজিদা সুলতানা, কিশোরগঞ্জের সরারচর এলএসডির উম্মে হানী, সিলেটের বিশ্বনাথের মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম ভূঞা, হবিগঞ্জের আজমিরীগঞ্জের প্রতাপ কুমার সরকার, পাবনার চাটমোহরের কোহিনুর আক্তার, সুনামগঞ্জের ধর্মপাশার মির আরিফুর রহমান, নেত্রকোনার কলমাকান্দার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, ময়মনসিংহের গয়েশপুরের মো. সাজ্জাদ হোসেন খান পাঠান, নেত্রকোনো সদরের হিমেন চন্দ্র সরকার, ঢাকা সিএসডির মোহাম্মদ রইছ উদ্দিন, শেরপুর সদরের সালমা আক্তার, জামালপুরের দেওয়ানগঞ্জ এলএসডির শামছুন নাহার, টাঙ্গাইলের ঘাটাইলের ইয়াসির আরাফাত, টাঙ্গাইলের নাগরপুরের মো. এদিব মাহমুদ, পটুয়াখালীর গলাচিপার হালিমা আহমেদ, ঝালকাঠি সদরের রবীন্দ্রনাথ বিশ্বাস, কুমিল্লার বরুড়ার মোহাম্মদ তৈয়ব উল্যাহ খান, নওগাঁর ধামুইরহাটের শেখ মো. জাকারিয়া হাসান, বদলগাছীর মো. নুরুজ্জামান, পোরশার মো. আতিকুর রহমান, বগুড়ার শিবগঞ্জের মমতাজ বেগম, জামালগঞ্জ এলএসডির কানিজ শারমিন, পাবনার আটঘরিয়ার মো. জুনায়েদ কবীর, মানিকগঞ্জের সিংগাইরের সেলিনা আক্তার, সিরাজগঞ্জের কাজীপুরের মোহাম্মদ আলী মিঞা, রংপুরের মিঠাপুকুরের রানীপুকুর টিপিসির জাকিয়া সুলতানা, কুড়িগ্রামের রাজারহাটের অনিমেষ কুমার সরকার, নীলফামারীর জলঢাকার জেসমিন আক্তার, সৈয়দপুরের মো. রায়হান কবির, রংপুর সদর পীরগঞ্জের মিঠাপুকুর টিপিসির মো. শরিফুল ইসলাম, সাতক্ষীরার দেবহাটার বিল্লাল হোসেন, বাগেরহাটের মংলার মো. আবুল হাশেম, পটুয়াখালীর কাঠালতলীর ইসরাত জাহান মান, বরগুনার আরিফা সুলতানা, সুনামগঞ্জের দিরাইয়ের আশীষ কুমার রায় ও চাকরিতে যোগ না দেওয়া মো. আবুল কাসেম।