হতদরিদ্র ব্যক্তিদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পরিবেশকদের (ডিলার) চূড়ান্ত তালিকা গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। পছন্দের লোক এই তালিকায় না থাকায় উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এক ইউপি চেয়ারম্যান। দুই ঘণ্টা পর তালা ভাঙে পুলিশ।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১০ টাকায় প্রতি কেজি চাল বিক্রির জন্য সাতটি ইউনিয়নে ১৯ জন পরিবেশক নিয়োগের বিপরীতে ৬৩ জন আবেদন করেন। স্থানীয় সাংসদকে প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করে গঠিত নিয়োগ কমিটি চূড়ান্ত তালিকা করে। ইউএনওর কার্যালয়ে বেলা দেড়টার দিকে ওই তালিকা টাঙানো হয়।
ওই তালিকায় উমর মজিদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সরদারের পছন্দের পরিবেশকের নাম ছিল না। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বেলা দুইটার দিকে খাদ্য কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
জানতে চাইলে চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার বলেন, ‘আমি প্রকৃত ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যের জন্য সুপারিশ করেছিলাম। কিন্তু কমিটি উৎকোচ নিয়ে তাঁর স্থলে বিএনপির এক কর্মীকে পরিবেশক হিসেবে মনোনীত করে। এর প্রতিবাদে আমি ওই তালা লাগিয়ে দিই।’
নিয়োগ কমিটির সদস্যসচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. খয়বর হোসেন সরকার বলেন, কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় তাঁর কার্যালয়ের কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভোগেন।
এ ব্যাপারে কথা বলতে ইউএনও মো. রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, তিনি গিয়ে তালা ভেঙে ফেলেছেন।