রংপুর শহরে শিশু গৃহকর্মী ধর্ষণের অভিযোগে মিঠাপুকুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খাদেমুল ইসলামের (৫৫) সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে। গতকাল মঙ্গলবার সর্বস্তরের নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করে এ দাবি জানানো হয়।
রংপুর প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন করা হয়। এ সময় সেখানে এক সমাবেশও হয়।
মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি হাসনা চৌধুরীর সভাপতিত্বে ওই সমাবেশে অন্যদের মধ্যে সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি মোশফেকা রাজ্জাক, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সাধারণ সম্পাদক আকবর হোসেন, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের জেলা সভাপতি খন্দকার ফখরুল আনাম, উন্নয়ন সংস্থা আরডিআরএসের বিলকিছ আক্তার প্রমুখ বক্তব্য দেন।
গত ৩০ এপ্রিল রংপুর শহরের ধাপ সাগরপাড়া এলাকায় মিঠাপুকুর উপজেলা খাদ্য কর্মকর্তার নিজ বাড়িতে ১২ বছরের গৃহকর্মীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। এ ঘটনার পরদিন শিশুটির ফুফা কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই দিনই বিকেলে খাদ্য কর্মকর্তাকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।