খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো ধান সংগ্রহের তালিকায় কৃষকদের বাবা-মায়ের নাম ও ঠিকানা না থাকায় ঢাকার সাভার উপজেলা খাদ্যগুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) লীনা আহম্মেদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বোরো ধান সংগ্রহের অংশ হিসেবে গত বছর সাভার উপজেলা খাদ্য বিভাগ থেকে ৮৫৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার ২৯১ জন কৃষকের কাছ থেকে এই ধান ক্রয় দেখানো হয়। তথ্য অধিকার আইনে প্রথম আলোর পক্ষ থেকে এসব কৃষকের নাম-ঠিকানা জানতে চেয়ে গত বছরের ১৬ আগস্ট সাভার উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়। নির্দিষ্ট সময়ে তথ্য না পেয়ে ওই বছরের ১ অক্টোবর জেলা খাদ্যনিয়ন্ত্রকের কাছে আপিল করা হয়। আপিলে সাড়া না পেয়ে ২৬ অক্টোবর তথ্য কমিশনে অভিযোগ করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। এরপর তথ্য সরবরাহ করা হয়।

সরবরাহ করা তথ্যে ২৯১ জন কৃষকের যে তালিকা দেওয়া হয়, তাতে কৃষকদের বাবা-মায়ের নাম-ঠিকানা ছিল না। সরেজমিনে অনুসন্ধান করেও তালিকা অনুযায়ী কৃষক পাওয়া যায়নি। এ বিষয়ে গত ৪ মার্চ প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে গত ২ মে প্রথম আলোর পক্ষ থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়। আবেদনের পর কাঙ্ক্ষিত তথ্য না পেয়ে গত ১৫ জুন সচিব বরাবর আপিল করা হয়। এরপর খাদ্য মন্ত্রণালয় থেকে তথ্য সরবরাহ করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সমন্বয় ও সংসদ) মো. সিরাজুল ইসলামের স্বাক্ষরিত সরবরাহ করা তথ্যে বলা হয়েছে, প্রথম আলোর প্রতিবেদনের ভিত্তিতে তদন্তের মাধ্যমে অনিয়মের জন্য সাভার খাদ্যগুদামের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা লীনা আহম্মেদকে প্রথমে কৈফিয়ত তলব করা হয়। কৈফিয়তের জবাব সন্তোষজনক না হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৪ জুলাই তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

জানতে চাইলে লীনা আহম্মেদ বলেন, ‘কৃষকদের তালিকা সরবরাহ করা হয়েছিল উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তর থেকে। তাড়াহুড়ার কারণে তা যাচাই-বাছাই করা সম্ভব না হওয়ায় ওই তালিকাই সরবরাহ করা হয়। আর এ কারণেই আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।’

উপজেলা খাদ্যনিয়ন্ত্রক নিরঞ্জন চন্দ্র দাস বলেন, ধান সংগ্রহের দায়িত্বে ছিলেন লীনা আহম্মেদ। তাই সঠিক তালিকা থাকার কথা তাঁর কাছেই। তিনি তা সংরক্ষণে ব্যর্থ হওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।