খাদ্য বিক্রির লাইসেন্সে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে খাদ্যপণ্য বিক্রির জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাইসেন্স পেতে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। স্যানিটারি কর্মকর্তা ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, মাংস বিক্রেতা, ফলমূল বিক্রেতাসহ দোকানে যেকোনো খাদ্যপণ্য বিক্রি করার জন্য অনুমোদন বা লাইসেন্স নিতে হয়। সেটি প্রতিবছর নবায়নও করতে হয়। এই লাইসেন্সের জন্য সরকারি ফি মাত্র ১৫০ টাকা। আবেদন করার এক দিনের মধ্যে ওই লাইসেন্স পাওয়া যায়।
উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় ২০-২২টি বাজার রয়েছে। এগুলোর মধ্যে কালিয়াকৈর বাজার, চন্দ্রা এলাকা, চান্দুরা পল্লী বিদ্যুৎ বাজার, সফিপুর বাজার, মৌচাক ও ভান্নারা বাজার। এসব বাজারে শত শত ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এসব বাজারে প্রতিদিন মাংস বেচাকেনাও হয়ে থাকে। ব্যবসায়ীরা খাদ্যপণ্য বিক্রির জন্য লাইসেন্স নেওয়ার বিষয়টি খুবই গুরুত্বহীনভাবে দেখেন। আবার অনেক ব্যবসায়ী আছেন যাঁরা নিয়মিত লাইসেন্স সংগ্রহ করে থাকেন। লাইসেন্স নিতে হয় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি বিভাগ থেকে। ওই বিভাগের দায়িত্বে রয়েছেন স্যানিটারি কর্মকর্তা উৎপলা রানী।
অভিযোগ উঠেছে, উৎপলা দুই মাস ধরে তাঁর অফিসের সহকারীদের নিয়ে বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে ছুটে যান। সেখানে গিয়ে ব্যবসায়ীদের খাদ্যপণ্য বিক্রির লাইসেন্স করে দেন। কিন্তু তিনি এর জন্য ১৫০ টাকার পরিবর্তে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন। কোনো ব্যবসায়ী দিতে রাজি না হলে ভ্রাম্যমাণ আদালত দিয়ে অভিযান চালানোর ভয় দেখিয়ে টাকা আদায় করেন।
সম্প্রতি উৎপলা উপজেলার সফিপুর বাজার মাংস ব্যবসায়ী পান্না মিয়ার কাজ থেকে চার হাজার টাকা নেন। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে এক দিন পর ওই টাকা ফেরত দিয়ে আসেন। তিনি কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকার বিসমিল্লাহ হোটেলের মালিক আ. জলিলের কাছ থেকে দুই হাজার, মালয়েশিয়া হোটেলের মালিক সোনামিয়ার কাছ থেকে দুই হাজার, ইসলামিয়া হোটেলের মালিক মোহাম্মদ আলীর কাছ থেকে ৫০০, পলাশ মিষ্টান্ন ভান্ডারের মালিক রঞ্জিত ঘোষের কাছ থেকে দুই হাজার, আদি ভৃঙ্গরাজ হোটেল ও মিষ্টান্ন ভান্ডার থেকে সাড়ে তিন হাজার টাকা নিয়েছেন। ওই বাজারের আরও বেশ কয়েকটি হোটেল ও খাদ্যপণ্য বিক্রির দোকান থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
চন্দ্রা ত্রিমোড় এলাকার ব্যবসায়ী মনির হোসেন জানান, স্যানিটারি কর্মকর্তা উৎপলা রানী চন্দ্রা এলাকার চারটি হোটেল থেকে আট হাজার টাকা নিয়েছেন। টাকা দিতে অস্বীকার করলে অভিযান চালানোর ভয় দেখান।
উৎপলা রানী দাসের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ফোনে এসব কথা হয় না, অফিসে আসেন কথা বলা যাবে।’ পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁকে না পেয়ে মুঠোফোনে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয়ে আপনার সঙ্গে কথা বলব কেন? সাংবাদিকেরাও তো বেকারিগুলোতে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে—সেগুলো দেখেন না?’