খাদ্য বিভাগের সিলযুক্ত ২০০ বস্তা চাল জব্দ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় খাদ্য বিভাগের ২০০ বস্তা চালসহ একটি নৌকা আটক করেছে স্থানীয় লোকজন। উপজেলার রানীগঞ্জ বাজারের পাশে কুশিয়ারা নদী থেকে নৌকাটি আটক করা হয়।
রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী রাজীব আহমদ জানান, চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল থাকায় তাঁদের সন্দেহ হয়। পরে রাত আটটার দিকে নৌকাটি আটক করে প্রশাসনকে জানানো হলে তারা এসে চাল জব্দ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ জানান, চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল দেখে স্থানীয় লোকজন চালসহ নৌকাটি আটক করে প্রশাসনকে জানায়। পরে প্রশাসনের কর্মকর্তা সেখানে গিয়ে চাল জব্দ করে পুলিশের জিম্মায় দেন। তবে উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা তাঁকে জানিয়েছেন এই চাল তাঁদের নয়।
নৌকায় থাকা শ্রমিকদের বরাত দিয়ে ইউএনও জানান, এই চাল হবিগঞ্জের একজন ব্যবসায়ীর। তাঁরা চাল নিয়ে সিলেট যাচ্ছিলেন। বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল থাকার বিষয়ে তাঁরা দাবি করছেন, তাঁরা বাজার থেকে খালি বস্তা কিনেছেন।
এ বিষয়ে ইউএনও বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। চালের মালিককে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। যদি এটা খাদ্য বিভাগের চাল না হয়, তাহলে ছেড়ে দেওয়া হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।