গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সিন্দিয়া ঘাট খাদ্যগুদামের জন্য কৃষকের কাছ থেকে গম না কিনে ফড়িয়ার কাছ থেকে কেনার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে গতকাল সোমবার গুদামের সামনে কৃষকেরা বিক্ষোভ করেন। এ সময় কৃষকের হাতে ওই গুদামের এক কর্মকর্তা লাঞ্ছিত হন।
তিনজন কৃষক বলেন, গত রোববার গভীর রাতে এলাকার ব্যবসায়ী হাফিজ হাওলাদার উপজেলা আওয়ামী লীগের এক নেতার নাম করে তিনটি গমভর্তি ট্রাক গুদামের গেটের ভেতরে ঢোকান। ট্রাক থেকে গম গুদামে ঢোকানোর প্রস্তুতিকালে লোকজন দেখে ফেলে। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই কৃষকদের প্রতিবাদের মুখে ট্রাক তিনটি গেটের সামনের রাস্তায় রাখা হয়। গতকাল সকালে এলাকার কৃষকেরা গুদামের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকালে উত্তেজিত কৃষকেরা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাহ উদ্দিনকে লাঞ্ছিত করেন। মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে গাজী সালাহ উদ্দিনের বক্তব্য জানা যায়নি।
গম ক্রয় কমিটির সভাপতি ও ইউএনও আবু নঈম মো. মারুফ বলেন, গতকাল থেকে গম কেনার উদ্বোধন করার কথা ছিল। ভুল-বোঝাবুঝির কারণে তা সম্ভব হয়নি। কয়েকজন কৃষক আগের রাতে কেন্দ্রে গম পাঠিয়ে দেওয়ায় এ সমস্যা হয়েছে। পরে ওই গম ফেরত দেওয়া হয়েছে এবং গম কেনা স্থগিত করা হয়েছে।