খাদ্যগুদামে তামাক প্রক্রিয়াকরণ
চুয়াডাঙ্গায় খাদ্য বিভাগের দুটি গুদামকে তামাকের মান নির্ণয় (গ্রেডিং) ও প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করছে বহুজাতিক সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। বন্দোবস্ত ছাড়াই গত বছরের জুলাই থেকে গুদামগুলোতে কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
তামাক প্রক্রিয়াকরণের সময় তামাকের গুঁড়া ছড়িয়ে পড়ে ও ঝাঁজালো গন্ধে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন এলাকার বাসিন্দারা।
খাদ্য বিভাগের কর্মকর্তাদের অভিযোগ, বারবার নোটিশ দেওয়ার পরও বিএটিবি দখল ছাড়ছে না।
সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার থেকে হিজলগাড়ী সড়কের পাশে খাদ্য বিভাগের গুদাম দুটি অবস্থিত। গুদামের ভেতরে শতাধিক নারী শ্রমিক তামাক প্রক্রিয়াজাত ও গ্রেডিংয়ের কাজ করছেন। পাশেই ট্রাক থেকে তামাক নামিয়ে গুদামজাত করা হচ্ছে। চারদিকে তামাকের ঝাঁজালো গন্ধ। গুদামের ছয়-সাত গজ দূরেই সোহরাওয়ার্দী সরণি বিদ্যাপীঠ নামের একটি মাধ্যমিক বিদ্যালয়। এ ছাড়া পাশে শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ ভবন ও বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর চারদিকে ৭০-৮০টি পরিবার বসবাস করে।
>খাদ্য বিভাগের দুটি গুদামকে তামাকের মান নির্ণয় (গ্রেডিং) ও প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলী জানান, গত বছরের ২৮ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের সভায় সরকারি খাদ্যগুদামে তামাক গ্রেডিং, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ বিষয়ে আলোচনা হয়। সভায় তামাক প্রক্রিয়াকরণ ও গ্রেডিংয়ের কাজ অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। সভার আলোচিত বিষয় পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে জানানো হয়েছে। সভার কার্যবিবরণীতে বলা হয়, যখন তামাক প্রক্রিয়াকরণ ও গ্রেডিং করা হয়, তখন তামাকের দুর্গন্ধে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে।
খাদ্যগুদামের প্রাচীর ঘেঁষে অবস্থিত জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকবর আলীর বাড়ি। তিনি বলেন, কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য কিনে সংরক্ষণের জন্য ১৯৮৩-৮৪ অর্থবছরে ডিঙ্গেদহ বাজারের গুদাম দুটি তৈরি করা হয়। বিএটিবি আট বছর আগে গুদাম দুটি বন্দোবস্ত নিয়ে তামাক সংরক্ষণ শুরু করে। প্রথম দিকে শুধু সংরক্ষণ করলেও পরে প্রক্রিয়াকরণ ও গ্রেডিংও শুরু হয়। এর ফলে যেসব সমস্যা সৃষ্টি হয়, সেগুলো নিয়ে এলাকাবাসী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিতভাবে জানান। এর পরিপ্রেক্ষিতে খাদ্য বিভাগ গত বছরের জুন মাসের পর বন্দোবস্ত আর নবায়ন করেনি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল ওহায়েদ জানান, বিএটিবির সঙ্গে ডিঙ্গেদহের দুটি খাদ্যগুদাম ও অন্য স্থাপনা ব্যবহারের চুক্তির মেয়াদ গত বছরের ৩০ জুন শেষ হয়েছে। এরপর বিএটিবি দুই বছরের জন্য ভাড়ার মেয়াদ বাড়ানোর আবেদন করে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক খুলনার মতামতের ভিত্তিতে ওই গুদাম নিজস্ব ব্যবহারের জন্য প্রয়োজন বলে মেয়াদ আর বাড়ানো হয়নি। ভাড়ার টাকা, শুল্কসহ গুদাম বুঝিয়ে দিতে বিএটিবিকে ২৩ ফেব্রুয়ারি লিখিতভাবে জানানো হলেও এ পর্যন্ত তারা তা দেয়নি। তবে কোম্পানির পক্ষ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত গুদাম দুটি ব্যবহারের সুযোগ দিতে অনুরোধ করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের চলাচল, সংরক্ষণ ও সাইলো বিভাগের অতিরিক্ত পরিচালক শেখ জাকির হোসেন এ বিষয়ে তাঁর (জেলা খাদ্য নিয়ন্ত্রক) মতামত চেয়ে সম্প্রতি একটি চিঠি দিয়েছেন।
এ বিষয়ে জানতে বিএটিবির চুয়াডাঙ্গা জেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। কোম্পানির করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আনোয়ারুল আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রয়োজনীয় তথ্যের জন্য ই-মেইলে লিখিত জানানোর জন্য বলেন। প্রথম আলোর পক্ষ থেকে ১৬ জুন রাতে তাঁর ই-মেইলে লিখিত প্রশ্ন পাঠানো হয়। কিন্তু গতকাল মঙ্গলবার রাত নয়টা পর্যন্ত তিনি প্রশ্নের কোনো জবাব দেননি বা কোনো রকম যোগাযোগ করেননি।
গুদামের পাশের রাস্তায় দাঁড়িয়ে কথা হয় সোহরাওয়ার্দী সরণি বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র সজীব আহমেদ ও নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তারের সঙ্গে। তারা জানায়, বাতাসে তামাকের দুর্গন্ধ। এতে তাদের শ্বাসে কষ্ট হয়।
বিএটিবির ডিঙ্গেদহ তামাক প্রক্রিয়াকরণ কেন্দ্র তদারকির দায়িত্বে থাকা ঠিকাদার আবু তাহের বলেন, বছরে মাত্র তিন মাস তামাক প্রক্রিয়াকরণ ও গ্রেডিং হয়। পরে দুই মাসে তামাকগুলো সরিয়ে নেওয়া হয়। বছরের সাত মাস গুদাম শূন্য পড়ে থাকে। তাঁর দাবি, ব্যক্তিগত ঈর্ষার কারণে কয়েক ব্যক্তি তামাক প্রক্রিয়াকরণ কেন্দ্র তুলে নিতে উঠেপড়ে লেগেছেন।
জেলা প্রশাসক দেলোয়ার হোসেইন বলেন, কৃষক এই মৌসুমের তামাক সংগ্রহ করেছেন। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়ে তদন্ত করার পর চুক্তির মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আর মেয়াদ বাড়ানো হবে না।