খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে 'অনিয়ম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা তাঁদের পছন্দের ও সচ্ছল ৯৮০ জন ব্যক্তিকে তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এ ছাড়া এক ব্যক্তির নামে একাধিক কার্ডও ইস্যু করা হয়েছে।

সূত্র জানায়, হাঁপানিয়া গ্রামের ইউপি সদস্য মুহাম্মদ আবু তালেবের স্ত্রী রুজি আকতারের নামে কার্ড ইস্যু করা হয়েছে। এ ছাড়া আবু তালেবের দুই শ্যালক মো. সেলিম (মধ্যপ্রাচ্যপ্রবাসী) ও তৈফুর আলম কার্ড পেয়েছেন। উত্তর জোজখোলা গ্রামের রাবিয়া বেগম ওরফে মাবিয়ার নামে দুটি কার্ড ইস্যু করা হয়েছে। চাঁদপুর গ্রামের এমতাজ আলী ও মো. শফিউল আলম বাবুল পঙ্গু ভাতা পান, কিন্তু তাঁদের নামেও কার্ড ইস্যু করা হয়েছে। একই গ্রামের কার্ডধারী সুফিয়া বেগমের স্বামী মো. নাজিম উদ্দিন মধ্যপ্রাচ্যপ্রবাসী। হাঁপানিয়া গ্রামের মধ্যপ্রাচ্যপ্রবাসী মনির আহাম্মদের স্ত্রী কুনসুমা আকতারের নামে কার্ড রয়েছে। চাঁদপুর গ্রামের মোজাহারুল হক ও তাঁর স্ত্রী রহিমা খাতুন—দুজনের নামেই কার্ড আছে।

চাঁদপুর গ্রামের গ্রামের আবদুর রশিদ বলেন, ‘আমি হতদরিদ্র। অথচ আমাকে কার্ড দেওয়া হয়নি।’

উত্তর জোজখোলা গ্রামের আরজু বেগম বলেন, ‘আমার স্বামী নেই। নেই জমিজমাও। অন্যের বাড়িতে কাজ করে কোনোরকমে সংসার চলে। অথচ আমি কার্ড পাইনি।’

জানতে চাইলে নারায়ণহাট ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হারুন বলেন, ‘ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে তালিকা করা হয়েছে। আমি একা করিনি।’

উপজেলা খাদ্যতালিকা যাচাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ে এ ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে, তার কপি আমাদের কাছে পাঠানো হয়েছে। আমরা আগামী রোববারের মধ্যে এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন পাঠাব।’