খাদ্যবান্ধব কর্মসূচির ১২৯ বস্তা চাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের সোনাপুর বিসিক শিল্পনগরের একটি ঘর থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকার চাল) ১২৯ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে সোনাপুর ফাঁড়ির পুলিশ চালগুলো উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে সোনাপুর বিসিক শিল্পনগরের একটি ঘরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা পরিবর্তন করছিলেন কয়েকজন শ্রমিক। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ঘরটি ঘেরাও করে পুলিশকে জানায়। পরে সোনাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২৯ বস্তা চাল জব্দ করে এবং চালের বস্তা পরিবর্তনের কাজে নিয়োজিত ছয় শ্রমিককে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন ফারুক হোসেন, মো. মহন, আনোয়ার হোসেন, সালাহউদ্দিন, মো. বেলাল ও মিরাজ।
ফাঁড়ির এসআই আমিরুল হক বলেন, সরকারি চাল ও ছয় শ্রমিককে আটকের পর তাঁরা বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে জানান। পরে কার্যালয়ের কর্মকর্তারা গিয়ে চালগুলো জব্দ করেন।
পুলিশ সূত্র জানায়, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বলেছেন, তাঁরা শহরের দত্তেরহাটের মক্কা ফুড নামের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। মক্কা ফুডের হয়ে তাঁরা চালের বস্তা পরিবর্তন করছিলেন।
মক্কা ফুডের মালিক নূরুল ইসলাম বলেন, আটক শ্রমিকেরা তাঁর কারখানায় চাকরি করেন। তবে আটক হওয়া চালের সঙ্গে তাঁর কিংবা মক্কা ফুডের কোনো সম্পৃক্ততা নেই।
জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির বলেন, চালগুলো কোন ডিলারের কিংবা কোন গুদামের, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সব উপজেলার কর্মকর্তাদের নিজ নিজ খাদ্যগুদামের মজুত পরীক্ষা করে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ঘটনায় যে-ই দায়ী হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সরকারি গুদামের চালসহ ছয় শ্রমিক আটকের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।