খাদ্যে নিয়োগ-প্রক্রিয়ায় জোড়াতালি অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন স্থাপনায় চতুর্থ শ্রেণির চারটি বিভাগের (ক্যাটাগরিতে) প্রশ্নবিদ্ধ নিয়োগ-প্রক্রিয়া চলছে জোড়াতালি দিয়ে। পাওয়া গেছে আরও অনিয়মের অভিযোগ।
খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সূত্রগুলো জানায়, প্রায় ৩৫ হাজার প্রার্থীর মধ্য থেকে ২৭৬টি শূন্য পদে কেবল মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ করা হচ্ছে। ১০ নভেম্বর থেকে ছয়টি কমিটি একযোগে মৌখিক পরীক্ষা নিচ্ছে। প্রতিদিন একটি কমিটি ১৭৫ জন প্রার্থীর সাক্ষাৎকার নিচ্ছে। তবে এই কমিটিগুলোও পূর্ণাঙ্গ নয়।
সূত্রগুলো জানায়, প্রতিদিন সকালে পরীক্ষা শুরুর আগে মন্ত্রণালয়ের একজন নির্দিষ্ট কর্মকর্তা অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তার কক্ষে আসছেন। মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা কিছু বাছাই প্রার্থীর তালিকা আনেন। ওই তালিকা পরীক্ষা কমিটিগুলোর কাছে পৌঁছানো নিশ্চিত হলে তিনি চলে যান। ওই তালিকা অনুযায়ী ‘যোগ্য প্রার্থী’ নির্বাচন চলছে। ২০১২ সালেও এই প্রক্রিয়ায় খাদ্য অধিদপ্তরে সহস্রাধিক কর্মকর্তা নিয়োগ করা হয়।
সূত্রগুলো বলেছে, খাদ্য ভবন (অধিদপ্তর) সার্বক্ষণিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণভুক্ত। তাই সিসি ক্যামেরায় ধারণ করা ছবি দেখলেই মন্ত্রণালয়ের ওই কর্মকর্তার প্রতিদিন সকালে অধিদপ্তরে আসা-যাওয়ার বিষয়টি জানা যাবে। এর আগে ওই কর্মকর্তা কদাচিৎ খাদ্য ভবনে এসেছেন।
অধিদপ্তরের সূত্র জানায়, মৌখিক পরীক্ষার জন্য গঠিত ছয়টি কমিটির প্রতিটিতে খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের তিনজন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) একজন সদস্য থাকার কথা। কিন্তু এখন পর্যন্ত এক দিনও সব কমিটিতে পিএসসির প্রতিনিধি অংশ নেননি। দুই দিন কোনো কমিটিতে পিএসসির প্রতিনিধি ছিলেন না। অর্থাৎ জোড়াতালির অপূর্ণাঙ্গ কমিটি পরীক্ষা নিচ্ছে।
জানা গেছে, পিএসসির কোনো প্রতিনিধি এ ধরনের পরীক্ষায় অংশ নেবেন না বলে খাদ্য অধিদপ্তরকে জানানো হয়েছিল। সে অনুযায়ী দুই দিন পিএসসির প্রতিনিধি পরীক্ষা কমিটিতে আসেননি। পরে সরকারি পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনার পর আবার তাঁরা এলেও সব কমিটিতে থাকছেন না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ও সব কমিটিতে সদস্য পাঠাচ্ছে না। অধিকাংশ সময় জনপ্রশাসনের চারজন সদস্য চারটি কমিটিতে থাকছেন।
এর কারণ জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে পরীক্ষা কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, প্রথম কারণ, তাঁরা পরীক্ষার ধরন জেনে গেছেন। দ্বিতীয়ত, মাসাধিককাল ধরে চলা এই পরীক্ষা কমিটিতে ছয়জন করে কর্মকর্তা দেওয়া পিএসসি কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়। প্রায় ৩৫ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা নিতে ছয়টি কমিটির প্রায় ৩৪ কর্মদিবস লাগবে।
অবশ্য কমিটির সব সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করতে অধিদপ্তর এবার তাঁদের ভাতা দ্বিগুণ করেছে। আগে খাদ্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষার জন্য কমিটির সদস্যদের দৈনিক এক হাজার টাকা দেওয়া হতো। এবার তা দুই হাজার করা হয়েছে। এ ছাড়া ছয়টি কমিটির সদস্যদের আপ্যায়নের জন্য প্রতিদিন বরাদ্দ রাখা হয়েছে ২৫ হাজার টাকা। এ কারণেই হয়তো প্রার্থীদের কাছ থেকে এবার পরীক্ষার ফি বেশি নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বিধান অনুযায়ী চতুর্থ শ্রেণির পদে পরীক্ষার ফি নেওয়া যাবে ৫০ টাকা। কিন্তু এই পরীক্ষায় নেওয়া হয়েছে ২০০ টাকা করে।
এভাবে পরীক্ষা নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে আইনজীবী শাহদীন মালিকের পাঠানো লিগ্যাল নোটিশের জবাব খাদ্য অধিদপ্তর দেবে না বলে জানা গেছে। অধিদপ্তরের এক কর্মকর্তা বলেছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা আছে নোটিশের জবাব না দেওয়ার। এতে বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা হতে পারে এবং এ ক্ষেত্রে নিয়োগ-প্রক্রিয়াটি মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে—এমন শঙ্কাও করছেন তাঁরা।