খাদ্যে ভেজাল রোধে শক্তিশালী করতে হবে বিএসটিআইকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যপণ্য পরীক্ষা ও ভেজাল প্রতিরোধে প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছে না বিএসটিআই চট্টগ্রাম। তাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। লোকবল-সংকটের অজুহাত দেখিয়ে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। নিয়মিত অভিযান চালানোর জন্য প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিতে হবে বিএসটিআইকে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতারা এসব কথা বলেন।

খাদ্যনিরাপত্তা নিশ্চিতে বিএসটিআইয়ের ভূমিকা নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। এতে ক্যাবের নেতারা ছাড়াও বিএসটিআই চট্টগ্রামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনুপম সাহা, বিএসটিআই চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয় প্রধান মো. শওকত ওসমান, উপপরিচালক এস এম ইসহাক আলী, পংকজ কুমার কুণ্ডু, সহকারী পরিচালক মোস্তাক আহমেদ, কামাল হোসেন, ক্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর ক্যাবের সহসভাপতি আবিদা আজাদ, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, ভোক্তা, ক্যাব, বিএসটিআই কেউ কারও প্রতিপক্ষ নয়। ভেজাল প্রতিরোধে সবাইকে যার যার জায়গা থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে‍ বিএসটিআইকে আরও শক্তিশালী করতে হবে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকেও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

বিএসটিআই চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়প্রধান মো. শওকত ওসমান সভায় বলেন, মাত্র ১৫৪টি পণ্যের মান পরীক্ষা করার এখতিয়ার রয়েছে বিএসটিআইয়ের। চট্টগ্রামে পরীক্ষা করা যায় ৬০টির মতো পণ্যের। সীমিত লোকবল নিয়ে বিএসটিআই প্রতিনিয়ত বাজার থেকে পণ্য নিয়ে পরীক্ষাগারে পরীক্ষা করছে। এ ছাড়া প্রতিটি ব্যবসায়ীর দায়িত্ব তাঁর ওজনযন্ত্রটি বছরে একবার বিএসটিআইয়ের কাছ থেকে পরীক্ষা করিয়ে নেওয়া। কিন্তু তাঁরা সেটি করেন না। তিনি বলেন, বিএসটিআইয়ের কর্মকর্তারা বাজারে বাজারে গিয়ে নিজ দায়িত্বে ওজনযন্ত্র পরীক্ষা করছেন। আর অবৈধ পানির কারখানাগুলোর বেশির ভাগই রাতের বেলা কার্যক্রম চালায়। তারপরও অভিযান চালিয়ে কয়েকটি কারখানা সিলগালা করা হয়েছে বলে সভায় জানান তিনি।

ক্যাব নেতা এম এম নাজের হোসাইন বলেন, বিএসটিআইয়ের ওপর সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। লাইসেন্স না থাকা সত্ত্বেও নগরের অনেক বেকারি, পানির কারখানা বিএসটিআইয়ের সিল ব্যবহার করছে। বিএসটিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা করে কারখানাগুলো এ ধরনের কাজ করছে বলে অভিযোগ আছে। বিভিন্ন পণ্যের গায়ে নকল সিল ব্যবহার করা হচ্ছে। কিন্তু এগুলোর বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ওজনে কারচুপি বন্ধ করার জন্য নিয়মিত অভিযান প্রয়োজন।