খানসামায় দুই স্কুলছাত্রীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের খানসামা উপজেলায় দুই স্কুলছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে তারা অপহৃত হয়।
এ ঘটনায় এক মেয়ের বাবা বাদী হয়ে গত বুধবার খানসামা থানায় মামলা করেছেন।
মামলার বাদী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, সোমবার দুপুরের খাবার খেয়ে দুই ছাত্রী (ফুপু-ভাতিজি) প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর ফেরেনি। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার বিকেলে তিনি স্থানীয় টঙ্গুয়া গ্রামের কলোনিপাড়ার টেম্পোচালক হবিবর রহমানের কাছে জানতে পারেন, উপজেলার গোবিন্দপুর গুচ্ছগ্রামে বসবাসকারী রাশেদুল ইসলাম (২৪) মেয়ে দুটিকে নিয়ে উপজেলার পাকেরহাট বাজার থেকে টেম্পোতে উঠে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারের উদ্দেশে গেছেন।
ওই দিন তিনি বাদী হয়ে রাশেদুল ইসলাম (৩৪), তাঁর বড় ভাই রশিদুল (৩০), তাঁদের বাবা হবুল মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে খানসামা থানায় অপহরণের মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই স্কুলছাত্রীকে উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে। কিন্তু রাশেদুল বা তাঁর পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি। তাঁরা সবাই গা ঢাকা দিয়েছেন।