খানাখন্দে ভরা সড়কে সীমাহীন ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদরের মান্নাননগর-স্টিমারঘাট (সুবর্ণচর) সড়ক খানাখন্দে ভরা। এতে সড়কটি দিয়ে চলাচলকারী যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।

গত রোববার সড়কটি ঘুরে দেখা যায়, সড়কের মান্নাননগর এলাকার কিছু অংশ ছাড়া বেশির ভাগ অংশই খানাখন্দে ভরা। অনেক জায়গায় সড়কের কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত দিয়ে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।

কয়েকজন বাসযাত্রী বলেন, খানাখন্দের কারণে বাস কিংবা সিএনজিচালিত অটোরিকশা—কোনো কিছুই এখন নিরাপদ নয়। গাড়ির ঝাঁকুনিতে শরীর খারাপ হয়ে যায়। তার পরও বাধ্য হয়ে সড়কটি দিয়েই যাতায়াত করতে হয়। কারণ, জেলা শহরের সঙ্গে যোগাযোগের অন্য সড়কেরও একই অবস্থা।

সড়কের সদর উপজেলার আইন্নালাসা বাজার এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ছয়-সাত বছর ধরে সড়কটি সংস্কার না করায় তাঁদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। খানাখন্দে ভরে গেছে পুরো সড়ক। এ কারণে সড়ক দিয়ে হাঁটাও কষ্টকর হয়ে পড়েছে। কিছুদিন আগে সড়কটি সংস্কার শুরু হলেও কয়েক দিন পর কাজ বন্ধ হয়ে যায়।

অটোরিকশার চালক মনির আহম্মদ বলেন, সড়কের অবস্থা খারাপ হওয়ায় ঘন ঘন অটোরিকশা নষ্ট হয়। এতে গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে গেছে। অনেক সময় গাড়ি গর্তে পড়ে অচল হয়ে যায়। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হয়।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, মান্নাননগর থেকে স্টিমারঘাট পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। প্রথম দুই কিলোমিটার ছাড়া বাকি ২৬ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ঠিকাদার সময়মতো কাজ না করায় সড়কটির সংস্কার আটকে যায়।

সড়কের দুরবস্থার কথা স্বীকার করে সওজের নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল প্রথম আলোকে বলেন, মান্নাননগর-স্টিমারঘাট সড়কটি নিয়ে তাঁরাও চিন্তিত। সড়ক সংস্কারে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছিল; কিন্তু তিনি কাজ করতে ব্যর্থ হয়েছেন। এ অবস্থায় চলতি সপ্তাহের মধ্যে ঠিকাদারকে জরিমানা করা হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।