খাবার খেতে এসেছিল বাড়িতে, লাশ মিলল পাহাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিকী ছবি
প্রতিকী ছবি

১১ বছরের কৃত্তিকা ত্রিপুরা অন্যদিনের মতো স্কুলে গিয়েছিল। দুপুরে বিরতিতে খাবার খেতে বাড়িতে আসে। সে সময় বাড়িতে কেউ ছিল না। তার মা অনুমতি চাকমা জুমচাষের জন্য পাহাড়ে গিয়েছিলেন। কাজ শেষ করে বাড়ি ফেরেন বিকেলে। এ সময় মেয়ের ঘরেই থাকার কথা। কিন্তু মেয়েকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। ডেকে ডেকে খুঁজতে থাকেন, কোথাও সাড়া পান না। পরে এলাকাবাসীও যোগ দেয় তাঁর সঙ্গে। অবশেষে রাতে পাহাড়ের নিচে জঙ্গলে খুঁজে পাওয়া যায় শিশুটির লাশ।

পুলিশ ধারণা করছে, দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা তাকে ধর্ষণ করে। এর পর বাড়ির পাশে পাহাড়ের নিচে নিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নয় মাইল এলাকায় ঘটনাটি ঘটে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় নয় মাইল এলাকার পাহাড়ের নিচ থেকে কৃত্তিকার লাশ উদ্ধার করে পুলিশ। সে নয় মাইল ত্রিপুরা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

কৃত্তিকা ত্রিপুরার লাশের সুরতহাল তৈরিকারী কর্মকর্তা দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, ‘কৃত্তিকার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

ঘটনার প্রতিবাদে আজ রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দীঘিনালা-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে নয় মাইল এলাকায় এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

নয় মাইল ত্রিপুরা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূর্য্যেশ্বর ত্রিপুরা বলেন, ‘কৃত্তিকা শনিবার বিদ্যালয়ে এসেছিল। দুপুর ২টায় বিরতির পর সে বাড়িতে খাবার খেতে যায়, আর আসেনি। রাতে খবর পাই তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমরা আমাদের ছাত্রীকে হত্যাকারীর কঠোর শাস্তি ও গ্রেপ্তার দাবি করছি।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গণেশ ত্রিপুরা বলেন, ‘স্কুলছাত্রী কৃত্তিকা হত্যার প্রতিবাদে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করেছে। পরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়। আমরা কৃত্তিকার হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’