আওয়ামী লীগের সমর্থকদের হামলার ভয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদে (ইউপি) আয়োজিত মতবিনিময় সভা পণ্ড হয়ে গেছে। এ সময় অতিথিদের জন্য রান্না করা খাবারও লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে।
ইউপি চেয়ারম্যান আনিসুল হক মোল্লা এ জন্য লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান শরীফ ও তাঁর সমর্থকদের দায়ী করেছেন।
ইউপি সূত্রে জানা যায়, চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণের চার বছর পূর্ণ হওয়া উপলক্ষে গতকাল দুপুরে পরিষদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা, চা-চক্র ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। পরিষদের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ জন্য ৫০০ মানুষকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানান চেয়ারম্যান। এ ছাড়া পরিষদের কর নিয়মিত আদায়ের জন্য স্থানীয় ইটভাটার মালিক ও ব্যবসায়ীদের নিয়ে সভা করারও প্রস্তুতি ছিল। এ জন্য চেয়ার-টেবিল ও অন্যান্য জিনিসপত্র ভাড়া করে আনা হয়। ঈশ্বরদী শহরে খাবার তৈরির ব্যবস্থা করা হয়।
চেয়ারম্যান আনিসুল হক মোল্লা অভিযোগ করেন, এই প্রস্তুতির পর থেকেই তাঁর প্রতিপক্ষ ও গত ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুর রহমান শরীফ মতবিনিময় সভাটি না করার জন্য তাঁর সমর্থকদের দিয়ে হুমকি দিয়ে আসছিলেন। এরই অংশ হিসেবে গতকাল রোববার সকালে হঠাৎ করে আনিসুর রহমানের সমর্থকেরা ইউনিয়ন পরিষদের সামনে পাল্টা কর্মসূচি হিসেবে দুপুরের খাবারের আয়োজন করেন। তবে আনিসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন না। কিন্তু ইউনিয়ন পরিষদের মতবিনিময় সভায় লোকজন আসার সময় রাস্তায় তাদের বাধা দেওয়া হচ্ছিল। বেলা একটার দিকে পরিষদের কার্যালয়ে দুপুরের খাবার আনার সময় আওয়ামী লীগের ওই নেতার সমর্থকেরা রাস্তায় অটোবাইক ও ভটভটি আটকিয়ে খাবার লুট করে নিয়ে যান। এর আগে তাঁরা ১০০ কেজি দই রাস্তার ওপর ফেলে দেন। পরে আতঙ্কে মতবিনিময় সভাটি পণ্ড হয়ে যায়।
পরিষদের দুজন সদস্য অভিযোগ করেন, মতবিনিময় সভাটি না করার জন্য কিছু লোক কয়েক দিন ধরে তাঁদের হুমকি দিয়ে আসছিলেন। সদস্য কুতুব উদ্দীন বলেন, হুমকির কারণে গতকাল স্থানীয় অনেক মানুষ মতবিনিময় সভায় আসতে পারেননি। খাবার লুট ও মতবিনিময় সভা বন্ধ হয়ে যাওয়ায় পরিষদ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং চেয়ারম্যানকে তাঁর গ্রামের বাড়ি কামালপুরে পৌঁছে দেয়।
মুঠোফোন নম্বর সংগ্রহ করতে না পারায় এ ব্যাপারে আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর কয়েকজন সমর্থক জানান, চেয়ারম্যান এ অনুষ্ঠানে আনিসুর রহমানকে আমন্ত্রণ না জানিয়ে তাঁকে অপমান করেছেন। তবে খাবার লুট ও দই ফেলে দেওয়ার ঘটনার সঙ্গে তাঁদের কেউ জড়িত নন বলে তাঁরা দাবি করে বলেন, ঘটনাটি তৃতীয় পক্ষ ঘটিয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, খবর পেয়ে পুলিশ এলাকায় এসে অবস্থান নেয়। দুই পক্ষের দ্বন্দ্বের কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।