খাবারে তেলাপোকা পোড়া তেলে রান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারের ওপর ভাসছে তেলাপোকা। মেয়াদোত্তীর্ণ মাংস দিয়েই তৈরি হচ্ছে খাবার। ফ্রিজে পাশাপাশি রাখা হয়েছে কাঁচা মাংস ও তৈরি খাবার। রান্না হচ্ছে পোড়া তেলে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাবারের দোকানের রান্নাঘরে এই চিত্র পাওয়ার কথা জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
গতকাল বৃহস্পতিবার বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নগরের কাজীর দেউড়ি, জামালখান, চকবাজার ও দিদার মার্কেট এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানান, পচা-বাসি খাবার বিক্রির অভিযোগে সাতটি খাবারের দোকানকে ২ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই সাতটি খাবারের দোকান হলো—সিপির চকবাজার ও দিদার মার্কেট শাখা (আউটলেট), কাজীর দেউড়ির হোটেল জামান, জামালখানের হোটেল সিকদার, আপ্যায়ন ও হোটেল চেরাগী এবং চকবাজারের কিচেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, খাবার দোকান সিপির চকবাজার আউটলেটে ১০ কেজি এবং দিদার মার্কেটের আউটলেটে দুই কেজি প্যাকেটজাত মেয়াদ উত্তীর্ণ মাংস পাওয়া গেছে। এসব মাংস জব্দ করে ধ্বংস করা হয়। দুটি আউটলেটকে জরিমানা করা হয় ২৮ হাজার টাকা। কাজীর দেউড়ি জামান হোটেলে পোড়া তেলে ইফতারি তৈরি হচ্ছিল। ফ্রিজে রাখা ছিল বাসি হালিম। এই হোটেলকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জামালখানের চেরাগী হোটেলের ফ্রিজে রাখা খাবারের ওপর তেলাপোকা ভাসছিল। এই হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সিকদার হোটেলে খাবারের পাশে জুতা রাখা ছিল। এই হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আপ্যায়ন রেস্তোরাঁয় পচা-বাসি হালিম পাওয়া যায়। এই হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। চকবাজারের কিচেন রেস্তোরাঁয় পোড়া তেল দিয়ে খাবার তৈরি করে বিক্রি হচ্ছিল। এই হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন, সিটি করপোরেশনের লাইসেন্সও ছিল না এই রেস্তোরাঁয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান প্রথম আলোকে জানান, সাতটি হোটেলেই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে বিক্রি হচ্ছিল।