খাবারে বিষ মেশানোর সন্দেহ স্বজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান (৪৩) ও সিনিয়র স্টাফ নার্স জোবেদা খাতুনকে (৩৫) খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন মনিরুজ্জামানের এক স্বজন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আলমগীর হোসেনের বাসা থেকে পাঠানো খাবার খেয়ে তিনিসহ তিনজন অসুস্থ হন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাতেই মনিরুজ্জামান ও জোবেদা খাতুন মারা যান। আলমগীর হোসেন (৫২) একই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন কলেজের উপাধ্যক্ষ রেজাউল আলম।

গতকাল বুধবার সকালে মনিরুজ্জামানের লাশ নিতে আসা তাঁর ছোট ভাই কামরুজ্জামান বলেন, খাবারে বিষ মিশিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে তাঁরা সন্দেহ করছেন।

আলমগীর হোসেনের স্ত্রী মমতা বেগম বলেন, মঙ্গলবার পাঁচজনের জন্য তিনি রান্না করে অফিসে খাবার পাঠিয়েছিলেন। হাসপাতালের এমএলএসএস চান মিয়া ও লাকি বেগম বাসা থেকে এ খাবার নিয়ে যান। বাসায় একই খাবার তিনি ও নার্স সাবিনা ইয়াসমিন খেয়েছেন। খাবারে বিষ মেশানোর মতো কিছু হয়ে থাকলে সেটা বাসাতে নয়; হাসপাতালে হয়েছে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন শেখ মো. মনজুর রহমান গতকাল ঘটনা তদন্তে কমিটি গঠন করেছেন। তিন সদস্যের এই কমিটির প্রধান সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট উদয় কুমার মহন্ত। ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন বলেন, মনিরুজ্জামান ও জোবেদা যে খাবার খেয়েছেন, সেটার নমুনা জব্দ করা হয়েছে। খাবারে বিষ মেশানোর সন্দেহের ব্যাপারে তিনি বলেন, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন, তদন্ত কমিটি ও বিশেষজ্ঞ দলের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কাজীপুর থানা-পুলিশ চারজনকে আটক করেছে। এঁরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক আবদুল হামিদ, এমএলএসএস মোয়াজ্জেম হোসেন ও চান মিয়া এবং স্বাস্থ্য কর্মকর্তার বাসার কর্মচারী লাকি। তাঁদের এখনো গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানিয়েছেন কাজীপুর থানার ওসি সমিত কুণ্ডু।