নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের ‘সোহাগ হোটেল’ নামের একটি হোটেলে একদল ছাত্রের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। খাবার খাওয়ার পর টাকা চাওয়ায় ওই হামলা চালানো হয়। গতকাল শনিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
হোটেলের মালিক মো. সোহাগ অভিযোগ করেন, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের নয়জন ছাত্র তাঁর হোটেলে দুপুরের ভাত খেতে আসেন। খাওয়ার পর তাঁরা টাকা না দিয়ে চলে যাওয়ার সময় তিনি টাকা দিয়ে যেতে বলেন। এ সময় ওই ছাত্ররা তাঁদের বড় ভাই টাকা দেবে বলে জানান। কিন্তু তিনি তাতে রাজি না হয়ে বাকি দেওয়া সম্ভব নয় বলে জানালে ছাত্ররা গালমন্দ করে চলে যান।
এরপর বিকেল চারটার দিকে ওই ছাত্রদের চার-পাঁচজন এসে তাঁর দোকানে হামলা-ভাঙচুর শুরু করেন। তাঁরা এ সময় দুটি চেয়ার ও একটি টেবিল ভেঙে ফেলেন। এ সময় প্রতিবাদ করলে তাঁকে চড়-থাপড় মারেন ওই ছাত্ররা।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে থাকা সহ-উপাচার্য আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় রয়েছি। কেবলই ঘটনাটি শুনলাম। এ ব্যাপারে প্রক্টরকে খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে বলব।’