খাল থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি সেতু ভাঙার সময় গার্ডার ধসের ঘটনায় নিখোঁজ শ্রমিক আবুল হাশেমের লাশ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাঁর লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের ডুবুরি নুরে আলম বলেন, বোয়ালখালী খালে নিখোঁজ শ্রমিক হাশেম গার্ডারের রডের সঙ্গে আটকে যাওয়ায় আর বের হয়ে আসতে পারেননি। তাঁর ডান হাত গার্ডারের লোহার সঙ্গে আটকা পড়ে।
এদিকে লাশ উদ্ধারের পর পুরোনো সেতু ভাঙা এবং নতুন সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেজবাহ অ্যাসোসিয়েটস নিহত ব্যক্তির পরিবারকে ২ লাখ ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন থেকে হাশেমের পরিবারকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়।
বোয়ালখালী থানার ওসি মো. সালাহ উদ্দীন চৌধুরী বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত রোববার সন্ধ্যায় মিলিটারি সেতু ভাঙার সময় গার্ডার ধসে হাশেমসহ নয় শ্রমিক বোয়ালখালী খালে পড়ে যান। পরে আটজনকে উদ্ধার করা গেলেও হাশেম নিখোঁজ ছিলেন।