খাল থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার
বরগুনার বামনা উপজেলার পূর্ব চালিতাবুনিয়া গ্রামের মেয়ে মুক্তামণি (১৩)। প্রাইভেট পড়তে গত বুধবার সকালে বাসা থেকে বের হয়েছিল সে। এর পর থেকে সে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। আজ শনিবার তার খোঁজ মিলেছে পাশের একটি গ্রামে। তবে জীবিত নয়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামের সাপা ভারানি খালে ভাসছিল মুক্তামণির লাশ।
পূর্ব চালিতাবুনিয়া গ্রামের রত্তন খানের মেয়ে মুক্তামণি। সে আমুয়াবন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।
সাপা ভারানি খালে একটি মেয়ের লাশ ভাসছে—এমন খবরে ঘটনাস্থলে ছুটে যান রত্তন খান। শনাক্ত করেন নিষ্প্রাণ মুক্তামণিকে। মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। চোখের পানি মুছতে মুছতে রত্তন খান বলেন, ‘জানি না কেন ওকে হত্যা করা হলো!’
মেয়েকে কারা হত্যা করতে পারে—এ ব্যাপারে কারও বিরুদ্ধে অভিযোগ করেননি রত্তন খান। তবে গ্রামের একাধিক ব্যক্তির সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে বলে জানান।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক জানান, খালে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। বেলা সাড়ে ১১টার দিকে মুক্তামণির লাশ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এক পায়ে একটি দড়ি বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।