খাল দখল করে অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহম্মদপুরের বড়রিয়া বাজার এলাকায় খাল দখল করে গড়া বিভিন্ন স্থাপনা। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো
মহম্মদপুরের বড়রিয়া বাজার এলাকায় খাল দখল করে গড়া বিভিন্ন স্থাপনা। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো

মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়ার খাল দখল করে শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে করে ২০ কিলোমিটার দীর্ঘ খালটি সরু হয়ে পানিপ্রবাহ কমে যাচ্ছে। ফলে উপজেলার ১২ বিলে সেচ ও পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধুমতি নদীর শিরগ্রাম থেকে রাজাপুর ও রাহাতপুরহয়ে খালটি নবগঙ্গা নদীতে মিশেছে। মহম্মদপুর উপজেলার সবচেয়ে দীর্ঘ খাল এটি। শিরগ্রাম, নাগড়া, আউনাড়া, দীঘা, ধোয়াইল, বড়রিয়া, বালিদিয়া, রাজাপুর, রাহাতপুর, পলাশবাড়ি, বেথুড়িসহ অনেক গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে খালটি। স্থানীয় লোকজনের মাছের চাহিদা পূরণ হয় এ খাল থেকে। দখলের কারণে এ খালের সঙ্গে যুক্ত বিলঝলমল, হলিয়ার বিল, ধোয়াইল বিল, বড়রিয়ার বিল, নিখোড়হাটা বিল, কলমধারীর বিল, হাজরাপুর বিল, গোবরনাদা বিল ও রাহাতপুরে বিলসহ খালসংলগ্ন অন্তত ৮০ হাজার একর জমি জলাবদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গত সোমবার সরেজমিনে দেখা যায়, বড়রিয়া বাজারের সড়কসংলগ্ন খালের পূর্বপাড়ে আরসিসি পিলারের ওপর বহু দোকানঘর ও অবৈধ স্থাপনা খাল দখল করে গড়ে তোলা হয়েছে। দোকানঘর ও স্থাপনার সংখ্যা ৪৮টি। দখলের কারণে খালটি সংকুচিত হয়ে পড়ছে। নব্যতা হারাচ্ছে। বর্ষা মৌসুমে বিলের পানি খালে নামতে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া পলাশবাড়ি থেকে বেথুড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় খাল দখল করে অর্ধশতাধিক স্থাপনা নির্মাণ করেছেন প্রভাবশালী ব্যক্তিরা।

বালিদিয়া গ্রামের কৃষক আব্দুল গণি শেখ বলেন, প্রায় তিন দশক আগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খালটি সংস্কার করেছিল। তখন খালপাড়ের কিছু জমিও অধিগ্রহণ করা হয়েছিল। সংস্কারের পর খালের প্রশস্ততা ছিল ৯১ ফুট। খাল দখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করায় প্রশস্ততা অর্ধেকও নেই। একসময় খালটিতে বেশ পানিপ্রবাহ ছিল। নৌকায় করে বিল থেকে ঘরে ফসল আনতেন কৃষক। এখন তা আর সম্ভব নয়।

একই এলাকার কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, দখলের ব্যাপারে খোঁজখবর রাখে না পাউবো। তাদের সঙ্গে দখলদারদের গোপন আঁতাত আছে। এ কারণে খালটিতে দিন দিন দখলদারের সংখ্যা বাড়ছে।

খোঁজ নিয়ে জানা যায়, বড়রিয়া বাজার এলাকায় খাল দখল করে স্থাপনা নির্মাণ করেছেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম, মিজানুর রহমান, জাহিদ হোসেন, মুকুল হোসেন ও লিটন বিশ্বাস। তাঁরা প্রত্যেকেই দাবি করেন, খালের জায়গা দখল করে নয়, তাঁরা নিজেদের জায়গাতেই স্থাপনা করেছেন।

বালিদিয়া ইউপি চেয়ারম্যান মো. পান্নু মোল্লা বলেন, বড়রিয়া খালে এভাবে দখল প্রতিযোগিতা চলতে থাকলে একসময় পানিপ্রবাহ বন্ধ হয়ে যাবে। এ কারণে এ এলাকার কৃষিতে বিপর্যয় নেমে আসতে পারে।

ইউএনও চৌধুরী রওশন ইসলাম বলেন, ‘ওই খাল দখলের বিষয়টি পাউবোর মাগুরা কার্যালয়ের কর্মকর্তাদের জানিয়েছি। তাঁরা উচ্ছেদের ব্যবস্থা নিলে আমরা সহযোগিতা করব।’

খাল দখলের কথা স্বীকার করে কার্যালয়টির নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, ‘দখলের খবর শুনেছি। আমাদের জনবল কম। দ্রুত দখলের স্থান পরিদর্শন করে অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যবস্থা নেব।’