খাল দখল করে আ.লীগ নেতার বিপণিবিতান

পটুয়াখালীর বাউফল উপজেলা ভূমি কার্যালয় থেকে মাত্র ২০০ মিটার দূরে বাউফল-কালাইয়া খালের ওপর বাউফল পৌরসভার বাংলাবাজার সেতুর পূর্ব পাশে সরকারি খাল দখল করে বহুতল ভবনের বিপণিবিতান নির্মাণ করছেন আওয়ামী লীগের এক নেতা। প্রশাসন কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে নির্মাণকাজ চালানো হচ্ছে।
ওই নেতার নাম ইব্রাহিম ফারুক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ইব্রাহিম ফারুক দাবি করেন, সরকারিভাবে জমি বন্দোবস্ত পাওয়া সানু শিকদার নামে এক ব্যক্তির কাছ থেকে খালের পাড়ের সোয়া ৪ শতাংশ জমি তিনি কিনেছেন। সেই জমি ও পৈতৃক সূত্রে পাওয়া জায়গায় তিনি বিপণিবিতান নির্মাণ করছেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ওই কাজ বন্ধ রাখার জন্য তাঁকে (ইব্রাহিম ফারুক) নোটিশ দেওয়া হয়েছে। আর সরকারি নকশা অনুযায়ী বাংলাবাজার সেতুর পূর্ব পাশে কোনো জমি বন্দোবস্ত দেওয়া হয়নি।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, পূর্ব-পশ্চিমে ওই খালটি প্রবাহিত। বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় খালের ওপর উত্তর-দক্ষিণে একটি সেতু। সেতুর পূর্ব পাশে আনুমানিক ৩ শতাংশ জায়গা দখল করে বহুতল বিপণিবিতান নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে নিচতলার কাজ শেষ করে দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে। দোতলার নির্মাণকাজ করছেন ছয়-সাতজন শ্রমিক। দোতলার কাজ প্রায় শেষ। শ্রমিক ও স্থানীয় লোকজন জানান, আওয়ামী লীগের নেতা ইব্রাহিম ফারুক নির্মাণকাজ করাচ্ছেন।
এ ছাড়া একই খালের কালাইয়া ইউনিয়নের কালাইয়া লঞ্চঘাটের (পুরাতন) পশ্চিম পাশে খালের প্রায় ৩ শতাংশ জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করেছেন আবদুর রাজ্জাক হাওলাদার নামে এক ব্যক্তি। তাঁর দাবি খালের মধ্যে অধীর চন্দ্র মণ্ডল নামে এক ব্যক্তির জমি ছিল। তিনি অধীরের কাছ থেকে জমি কিনেছেন। কালাইয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, খাল কিংবা নদীর মধ্যে ব্যক্তিমালিকানাধীন কোনো জায়গা থাকতে পারে না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুসেইন খান বলেন, ‘ইব্রাহিম ফারুককে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর কালাইয়া লঞ্চঘাট এলাকার খাল দখলের বিষয়টি জানা নেই।’