খাল দখল করে ইউপি চেয়ারম্যানের বাসভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আউরা খালের পূর্বপাড় দখল করে দোতলা ভবন নির্মাণ করেছেন আওয়ামী লীগের এক নেতা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আউরা খালের পূর্বপাড় দখল করে দোতলা ভবন নির্মাণ করেছেন আওয়ামী লীগের এক নেতা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান সরকারি খাল ভরাট করে দোতলা ভবন নির্মাণ করেন। উপজেলার ৪ নম্বর কাঁঠালিয়া ইউপির চেয়ারম্যান কিবরিয়া সিকদার এখন ওই ভবনেই বসবাস করছেন। কিবরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
খালের মোট ৬ শতাংশ জমি দখল করে ভবন ও কবরস্থান নির্মাণের পর এখন ভবনের উত্তর পাশে আরও প্রায় ৩ শতাংশ জমি দখলের জন্য খুঁটি পুঁতেছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা পরিষদ-লঞ্চঘাট সড়কের পশ্চিম পাশে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের ৫০ থেকে ৬০ গজ দূরে আউরা খালের পূর্ব পাড়ে দ্বিতল ভবন। ভবনের দোতলায় ইউপি চেয়ারম্যান পরিবারসহ বসবাস করেন। নিচতলায় করা হয়েছে ইউনিয়ন পরিষদের কার্যালয়। যদিও এ ভবন থেকে ২০০ গজ দূরে ইউনিয়ন পরিষদের সরকারি ভবন আছে। এ খালের লঞ্চঘাট পর্যন্ত আর কোনো ভবন নেই। ভবনের এক পাশে প্রাচীরঘেরা কবরস্থান। অন্য পাশে গাছের খুঁটি পুঁতে চলছে ভরাটের কাজ।
কিবরিয়া সিকদার দাবি করেন, খালের পাশে ভরাট হওয়া ৪ শতাংশ জমি উপজেলা প্রশাসনের কাছ থেকে একসনা বন্দোবস্ত নিয়ে এবং পৈতৃক ১ দশমিক ২৫ শতাংশ জমির ওপর তিনি ভবন তৈরি করেছেন। সরকারি জমি একসনা বন্দোবস্ত নিয়ে পাকা ভবন তৈরি করা যায় কি না, এ প্রশ্নের জবাবে কিবরিয়া সিকদার বলেন, ‘বিল্ডিং (ভবন) করার মতো আমার আর কোনো জায়গা নেই। তাই বাধ্য হয়ে নিয়ম না থাকা সত্ত্বেও সরকারি জায়গায় ভবন নির্মাণ করেছি।’
স্থানীয় অনেকে জানান, রাস্তার যে পাশে কিবরিয়া সিকদার ভবন নির্মাণ করেছেন, এর বিপরীতে তাঁর পৈতৃক বাড়ি। সেখানে তাঁর একটি টিনের ঘর আছে। পরিবারসহ তিনি সেখানেই থাকতেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও উপজেলা ভূমি কার্যালয়ের কর্মচারীরা বলেন, ভবন নির্মাণের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি।
উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী রফিকুল ইসলাম বলেন, ‘আমি এখানে এসেছি দুই বছর হলো। আমি আসার আগেই ওই ভবন তৈরি হয়েছে। শুনেছি, চেয়ারম্যান সাহেব খালের পাশের ভরাট জমি একসনা বন্দোবস্ত নিয়েছিলেন। পরবর্তী বছর বন্দোবস্তের জন্য আবেদন করলেও উপজেলা প্রশাসন তা দেয়নি।’
এসি ল্যান্ডের অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মদ আমির-উদ্দিন বলেন, ‘আড়াই বছর আগে আমি এখানে যোগ দেওয়ার আগেই ইউপি চেয়ারম্যান ওই বাড়ি নির্মাণ করেছেন। ভবন নির্মাণের পর ২০১২ সালে এক বছরের জন্য ওই খালের পাড়ের ভরাট জমি ভূমি কার্যালয়ের জরিপকারীর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কিবরিয়া সিকদারকে একসনা বন্দোবস্ত দেওয়া হয়েছিল। এরপর তিনি আবেদন করলেও আর বন্দোবস্ত দেওয়া হয়নি। তাঁকে উচ্ছেদের জন্য মামলার অনুমোদন চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হবে।’