খাল দখল করে উঠছে স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মাস ধরে বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের উত্তর জাগুয়ার পুটিয়া খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা l প্রথম আলো
এক মাস ধরে বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের উত্তর জাগুয়ার পুটিয়া খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা l প্রথম আলো

বরিশাল সিটি করপোরেশনের উত্তর জাগুয়া এলাকায় পুটিয়া খাল দখল করে এক মাস ধরে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। স্থানীয় একটি মসজিদ কমিটির নামে ওই স্থাপনা নির্মাণের কাজ চলছে। ওই স্থাপনা নির্মাণ হলে খাল ভরাট ও দখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যক্তিরা।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, জাগুয়া এলাকার এ খালটি পুটিয়া খাল নামে পরিচিত। তবে স্থানীয় ব্যক্তিরা একে গুরগা বাড়ির খালও বলেন। ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা এলাকায় কীর্তনখোলা নদী থেকে শুরু হয়ে খালটি ২৫ ও ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদি এবং রুইয়ার পুল পর্যন্ত প্রবাহিত।
সরেজমিনে দেখা গেছে, ২৬ নম্বর ওয়ার্ডের গুরগা বাড়ি এলাকায় খালের পশ্চিম পাড়ের প্রায় ১৫০ ফুট অংশ দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। খালের অর্ধেক অংশজুড়ে কংক্রিটের পিলার বসানোর কাজ শেষ হয়েছে। চলছে পাটাতন নির্মাণের কাজ।
বায়তুল হাম জামে মসজিদ কমিটি খালের ওপর ওই স্থাপনা নির্মাণ করছে। কমিটির সদস্যরা সেখানে দোকান নির্মাণ করে সেগুলো ভাড়া দেবেন। স্থানীয় ব্যক্তিরা জানান, নির্মাণকাজ শুরু হলে সেখানে বাধা দেওয়া হয়। বিষয়টি সিটি করপোরেশনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।
এলাকার বাসিন্দা জালাল খান বলেন, বিভিন্ন সময় খালের মধ্যে পাইপ স্থাপন করে বালু উত্তোলন করায় খালের অনেকটা অংশ ভরাট হয়ে গেছে। বর্তমানে স্থাপনা নির্মাণের নামে আবারও খাল দখল হচ্ছে।
একই এলাকার মো. আলাউদ্দিন বলেন, একসময় ওই খালে নৌকা চলাচল করত। বর্তমানে অনেকাংশ ভরাট হয়ে গেছে। সংস্কার ও সংরক্ষণে উদ্যোগ নেওয়া না হলে বাকিটুকুও ভরাট হয়ে যাবে।
খাল দখল করে স্থাপনা নির্মাণের বিষয়ে বায়তুল হাম জামে মসজিদের কোষাধ্যক্ষ রুস্তম সরদার বলেন, মসজিদের আয়ের জন্য ওই স্থাপনা নির্মাণকাজ শুরু করা হয়। খালের মধ্যে স্তম্ভ বসানো হয়েছে, এতে খাল দখল হয়নি। নিচ থেকে পানি চলাচল করছে। তবে বাধা দেওয়ায় বর্তমানে কাজ বন্ধ আছে বলে জানান তিনি।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোতালেব হাওলাদার বলেন, পুটিয়া খাল দখল করে স্থাপনা নির্মাণকাজ শুরু হয়েছে, এমন একটি অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে নির্মাণকাজ বন্ধ করতে নিষেধ করা হয়েছে। স্থায়ীভাবে কাজ বন্ধ করার জন্য নোটিশ দেওয়া হবে।