খাল দখল করে ছাত্রলীগের মাছ চাষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর ও ইসলামপুর গ্রামের মধ্যবর্তী ‘হাজীর খাল’ দখল করে মাছ চাষ করা হচ্ছে। ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আবদুল আউয়াল হাওলাদারের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের আরও আটজন কর্মী ওই মাছ চাষ করছেন।
স্থানীয় বাসিন্দারা সরকারি এ খালটি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে গত ১৮ সেপ্টেম্বর লিখিত আবেদন করেন। কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা যায়, হাজীর খালের উত্তর পাশের চার কিলোমিটার অংশের পুরোটাই দখল করে মাছ চাষ করা হচ্ছে। এ অংশের দক্ষিণ মাথার জলকপাটের সঙ্গে আড়াআড়ি করে বাঁশের চালি ঘন করে তার ওপর জাল দিয়ে আটকে দেওয়া হয়েছে। উত্তর দিকেও একইভাবে বাঁশের চালি ও জাল দিয়ে আটকানো হয়েছে। এরপর দখলদারেরা সেখানে নানা জাতের মাছের চাষ করছেন।
স্থানীয় লোকদের লিখিত অভিযোগ ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত জুলাই মাস থেকে নবীপুর মৌজার এসএ ১৬৬০ নম্বর দাগের এ খালটি দখল করে মাছ চাষ করছেন সলিমপুর গ্রামের বাসিন্দা ছাত্রলীগের নেতা আবদুল আউয়াল হাওলাদার। তাঁর সহযোগী হিসেবে আছেন একই গ্রামের দেলোয়ার মৃধা, জামাল গাজী, নিয়াজ আকন, হানিফ হাওলাদার, রুহুল আমীন গাজী, আনোয়ার হোসেন, আল আমিন ও রুহুল আমিন। এঁরা সবাই ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের কর্মী।
স্থানীয় লোকজন আরও জানান, খালের দুই পাশের দুটি গ্রামে অন্তত তিন হাজার একর কৃষিজমিতে আউশ-আমন ধানের আবাদ হয়। তা ছাড়া শীতকালীন সবজিরও ব্যাপক চাষ হয়। লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ২০১১ সালে কর্মসৃজন কর্মসূচির মাধ্যমে খালটি পুনঃখনন করে। এখন সেই খাল দখল করায় কৃষিকাজে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে।
দখলদারদের কারণে গ্রাম দুটির কোনো বাসিন্দা খালের পানি ব্যবহার করতে পারেন না। তা ছাড়া খালে জাল দিয়ে মাছ ধরে যেসব ব্যক্তি জীবিকা নির্বাহ করতেন, তাঁরা এখন উপার্জনহীন হয়ে পড়েছেন। খালে গ্রামের কোনো লোক মাছ ধরলে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা জরিমানা ও মারধর করার হুমকি দেন বলে জানান এলাকাবাসী।
একই গ্রামের আম্বিয়া খাতুন বললেন, ‘মোর স্বামী নাই। এই খালে জাল দিয়া মাছ ধরতাম। হেই মাছ বেঁইচ্যা সংসার চালাইতাম। আর এ্যাহন মাছ ধরতে পারি না। মোগো বাঁচনই অ্যাহন দায় অইয়া পড়ছে।’
খালপাড়ের বাসিন্দা কাঞ্চন মিয়া বললেন, ‘খালের কূলে থাহি, অথচ কৃষিকাজে খালের পানি ব্যবহার করতে পারি না। মেম্বার-চেয়ারম্যানরেও জানাইছি, হ্যারাও কোনো কিছু করতে পারে নাই।’
দখলের ব্যাপারে আবদুল আউয়াল হাওলাদার বলেন, ‘তিন বছর আগে ওই খালের ইজারা আমার নামে ছিল। তারপর আর ইজারা নবায়ন করা হয়নি। তবে এ কাজটা আমার নেতৃত্বে হচ্ছে, এটা ঠিক নয়। এর সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে। এতে কৃষিকাজের কোনো ক্ষতি হয় না।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পর উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।