খাল দখল করে মাছ চাষ, জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের জুলেখা এলাকায় কাউনিয়া খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন এক ব্যক্তি। এ কারণে তিন বছর ধরে ওই ইউনিয়নের বলইবুনিয়া, গুরুদল, তক্তাবুনিয়া ও ছাব্বিশ কান্দা গ্রামে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জলাবদ্ধতা নিরসনের দাবিতে চারটি গ্রামের প্রায় ৩০০ ক্ষুদ্র কৃষক গতকাল সোমবার বিক্ষোভ করতে করতে প্রায় ১০ কিলোমিটার পথ হেঁটে আমতলী পৌর শহরে আসেন। তাঁরা উপজেলা পরিষদের সামনে সমাবেশ করেন। পরে তাঁরা উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম দেলওয়ার হোসেনের কাছে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান। চেয়ারম্যান খাল ও জলকপাটটি দখলমুক্ত করে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেন।
বলইবুনিয়া গ্রামের কৃষক মুজাফফর বিশ্বাস বলেন, জলাবদ্ধতার কারণে এসব গ্রামের কমপক্ষে পাঁচ হাজার পরিবার তীব্র জলাবদ্ধতার কবলে পড়ে মানবেতর জীবন যাপন করছে। চারটি গ্রামের সাড়ে চার হাজার হেক্টর কৃষিজমির চাষাবাদ বন্ধ হয়ে গেছে।
শাহ আলম ডাকুয়া বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী নান্নু মোল্লা কাউনিয়া খালের জুলেখা এলাকায় জলকপাট দখল করে সেখানে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। এতে এই চার গ্রামে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হলে ভুক্তভোগীরা বেশ কয়েকবার প্রতিবাদ জানান। নান্নু মোল্লা উল্টো গ্রামবাসীকে নানাভাবে হুমকি দেন।
ফারুক আকন বলেন, বর্তমানে অবস্থা এতটাই খারাপ যে এই চার গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার বাড়ি-ঘরে টিকতে পারছে না। এ ছাড়া প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমি চাষাবাদ করা যাচ্ছে না। অবিলম্বে বাঁধ অপসারণ করে জলকপাটটি উন্মুক্ত করে না দিলে এসব জমি পতিত পড়ে থাকবে।
অভিযোগ প্রসঙ্গে নান্নু মোল্লা দাবি করেন, ‘আমার বাঁধের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। কারণ, এখানে আরও চারটি কালভার্ট আছে। অন্য একটি পক্ষ একটি কালভার্ট বন্ধ করে মাছ চাষ করায় দুই বছর ধরে এই জলাবদ্ধতা হচ্ছে।’
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা এস এম বদরুল আলম বলেন, ‘এলাকার কৃষকদের লিখিত অভিযোগ পাওয়ার পর আমি বিষয়টি তদন্তের জন্য একজন কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিলাম। তিনি যে প্রতিবেদন দিয়েছেন তাতে দেখা যায়, ওই এলাকায় জলাবদ্ধতা অব্যাহত থাকলে দেড় থেকে দুই কোটি টাকার আমন ধানের ক্ষতি হবে। আমরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অনুরোধ করেছি।’
যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক গতকাল প্রথম আলোকে বলেন, জলকপাট দখল করে মাছ চাষ করার বিষয়টি তাঁর জানা নেই। যদি জলকপাট বন্ধ করার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে, তবে তা দখলমুক্ত করে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।