খাল দখল করে স্থাপনা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরের মধ্য দিয়ে প্রবহমান খাল দখল করে তাতে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ করছেন মাসুম মাতুব্বর নামের আওয়ামী লীগের স্থানীয় এক নেতা।
পিরোজপুর জেলা পরিষদের জরিপকারী (সার্ভেয়ার) উৎপল দেউড়ি বলেন, ‘মাসুম মাতুব্বর ৩৫ ফুট জায়গায় কাঠের স্থাপনা নির্মাণের জন্য জেলা পরিষদ থেকে একসনা বন্দোবস্ত নিয়েছেন। এখন ৭০ ফুটের মতো জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করছেন। আমরা নিষেধ করলেও তিনি শোনেননি।’
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, পৌরশহরের দক্ষিণ বন্দর এলাকার তোহা বাজার ও কসাইখানাসংলগ্ন মঠবাড়িয়া-তুষখালী খালের উত্তর দিক দখল করে মাসুম মাতুব্বর ভবন নির্মাণ করছেন। খালের মধ্যে আরসিসি কলামের ওপর একতলার ছাদ ঢালাই দেওয়া হয়েছে। দ্বিতীয় তলার জন্য কলাম দাঁড় করানো হচ্ছে। এ ছাড়া তিনি ১ নম্বর খাস খতিয়ানের জমিতে শিশুপুত্র ও স্ত্রীর নামে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) নিয়ে আরও দুটি ভবন নির্মাণ করেছেন। এর একটিতে ব্যবসা ও অন্যটিতে বসবাস করছেন তিনি। তোহা বাজার দখল করে স্থাপনা নির্মাণ করায় বাজারের জায়গা সংকুচিত হয়ে গেছে। গতকাল হাটের দিন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখানে পণ্য কেনাবেচার জায়গা না পেয়ে সড়কের ওপর অস্থায়ী দোকান বসান।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, খালে স্থাপনা নির্মাণ করায় এটি একেবারে সরু হয়ে গেছে। ধীরে ধীরে খালটি নাব্যতা হারাবে। মাসুম মাতুব্বর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বড় ভাই আজিজুল হক মাতুব্বর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ কারণে তিনি খাল দখল করে ভবন নির্মাণ করলেও স্থানীয় প্রশাসন ও পৌরসভা তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
মাসুম মাতুব্বর বলেন, ‘৩৫ ফুটের দুটি ঘর তোলার জন্য জেলা পরিষদের অনুমোদন রয়েছে আমার।’ তবে তিনি অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন বলেন, ‘মাসুম মাতুব্বর দেড় শতাংশ জমি বন্দোবস্ত নিয়ে এর চেয়ে বেশি জায়গা দখল করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করছেন। একসনা বন্দোবস্ত নেওয়া জায়গায় পাকা স্থাপনা নির্মাণের অনুমতি আমরা দিই না। ওই ভবন উচ্ছেদের জন্য ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, অকৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্তের বিষয়ে সরকার ১৯৯৫ সালের ৮ মার্চ একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের অকৃষি খাসজমি বন্দোবস্ত নীতিমালার ৩-এর (দ) ধারায় বলা হয়েছে, খাস খতিয়ানের রেকর্ডভুক্ত জনগণের ব্যবহার্য খাল বন্দোবস্তের আওতায় আসবে না।
মঠবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুস সালেক বলেন, ‘পৌরসভা থেকে কাঠের ঘর তৈরির নকশা অনুমোদন নিয়ে মাসুম পাকা ভবন করায় আমরা তাঁকে পাকা ভবন ভেঙে ফেলার জন্য চিঠি দেব।’
মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ বলেন, ‘মাসুম মাতুব্বর আমার দলের নেতা হলেও আমি তাঁর অবৈধ পাকা ভবন উচ্ছেদের জন্য নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি।’
পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মানিকহার রহমান বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখছি। খাল দখল করে স্থাপনা নির্মাণ করলে তা ভেঙে দেওয়া হবে।’