খাল দখল করে স্থাপনা নির্মাণ

শরীয়তপুর শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া পাঁচটি খাল দখল করে ভরাট করা হচ্ছে। এসব খালের বিভিন্ন স্থানে দখল করে বিপণিবিতান, বাড়ি ও সরকারি স্থাপনা নির্মাণ করা হয়েছে। কিছু স্থাপনার নির্মাণকাজ এখনো চলছে। খালগুলো ভরাট করার কারণে শহরে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
শরীয়তপুর পৌরসভা ও স্থানীয় সূত্র জানায়, কীর্তিনাশা নদীর পূর্ব তীরে শরীয়তপুর জেলা শহর অবস্থিত। এ নদী থেকে পাঁচটি খাল জেলা শহরের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। খালগুলো কীর্তিনাশা নদী থেকে চরপালং হয়ে বাঘিয়া গ্রামের দিকে প্রবাহিত হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, শহরের রাজগঞ্জ সেতু এলাকা থেকে পৌর বাসস্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটার দখল করা হয়েছে। খালের জায়গা বালু দিয়ে ভরাট করে বসতবাড়ি ও বিপণিবিতান নির্মাণ করা হচ্ছে। এলাকার অনেক ব্যক্তি জেলা পরিষদ থেকে বার্ষিক ভিত্তিতে খালের জমি ভাড়া নিয়ে ভরাট করেছেন। কীর্তিনাশা নদী থেকে রাজগঞ্জ সেতু, চৌরঙ্গি এলাকা হয়ে স্বর্ণঘোষ ও ব্যাপারীপাড়া গ্রামের দিকে যে খালটি প্রবাহিত হয়েছে, তার প্রায় ৫০০ মিটার দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। ব্যাপারীপাড়া বিল থেকে তুলাশার-আটং-কাগদি হয়ে বুড়িরহাট এলাকার দিকে যে খালটি প্রবাহিত হয়েছে তার চৌরঙ্গি অংশে জেলা পরিষদ ও কিংডম বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠান খালের প্রবাহ বন্ধ করে বহুতল বিপণিবিতান নির্মাণ করছে।
জেলা পরিষদের প্রকৌশলী তৈয়বুর রহমান বলেন, জেলা পরিষদের বিপণিবিতানের একটি অংশ খালের ওপর পড়েছে। সে অংশের নিচ দিয়ে খালের প্রবাহ রাখা হয়েছে। সেখানে নৌযান চলাচল বন্ধ হলেও পানির প্রবাহ বন্ধ হবে না।
একটি খাল কীর্তিনাশা নদী থেকে ধানুকা গ্রাম হয়ে সার্কিট হাউসের সামনে দিয়ে হুগলি গ্রাম হয়ে রুদ্রকর এলাকার দিকে প্রবাহিত হয়েছে। এই খালটির ধানুকা ও সার্কিট হাউসের আশপাশ দিয়ে প্রায় ৫০০ মিটার দখল করা হয়েছে। কীর্তিনাশা নদী থেকে আরেকটি খাল ধানুকা-স্বর্ণঘোষ হয়ে মনোহর বাজার খালের সঙ্গে মিলেছে। এই খালের প্রায় দুই কিলোমিটার অংশ ভরাট করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ তাদের কার্যালয়ে প্রবেশের রাস্তা নির্মাণ করেছে।
শহরের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের খাল দখল করে পাকা বিপণিবিতান নির্মাণ করেছেন শফিউল্লাহ মাদবর। তিনি বলেন, জায়গা কিনে তিনি মার্কেট নির্মাণ করেছেন। আশপাশের মানুষ জায়গা ভরাট করেছে। তাই তিনিও ভরাট করেছেন। খাল ভরাট করতে কারও অনুমতি নেননি বলে জানান তিনি।
শরীয়তপুর-ঢাকা সড়ক থেকে খাল পার হয়ে চরপালং এলাকায় যাওয়ার জন্য সরকার একটি সেতু নির্মাণ করেছে। সেতুর দুই প্রান্তের খাল বালু দিয়ে ভরাট করেছেন ওই গ্রামের আমীন ব্যাপারী। তিনি বলেন, ‘খালের পাশের জমির মালিক আমি। খালের কিছু অংশ জেলা পরিষদ থেকে বরাদ্দ এনে ভরাট করেছি।’
শরীয়তপুর পৌরসভার চরপালং এলাকার বাসিন্দা আবুল কাশেম খান বলেন, খাল দখল করার কারণে বিলের পানি নামতে পারছে না। এতে বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, জেলা পরিষদের আয় বাড়ানোর জন্য কিছু খালের অংশ বরাদ্দ দেওয়া হয়েছিল। কেউ যদি আইন ভেঙে তা ভরাট করে থাকে, তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভার মেয়র আবদুর রব মুন্সি বলেন, শহরের মানুষকে জলাবদ্ধতা থেকে রক্ষা করার জন্য খালগুলো দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।