খাল দখল করে স্থাপনা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার মহম্মদপুরের দীঘা ইউনিয়নের সোনাপুরে সরকারি খালে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
মাগুরার মহম্মদপুরের দীঘা ইউনিয়নের সোনাপুরে সরকারি খালে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের শিরগ্রাম বাজারের পাশে সোনাপুর খাল দখল করে আধপাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে। এতে খালের প্রশস্ততা সংকুচিত হওয়ার পাশাপাশি পানির প্রবাহ বিঘ্নিত হয়ে বর্ষা মৌসুমে এ অঞ্চলের কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে এলাকার লোকজন আশঙ্কা করছেন।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, সোনাপুর খালটি শিরগ্রাম বাজারের পাশে। খালের দৈর্ঘ্য অন্তত সাত কিলোমিটার। জানা গেল, উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দীর্ঘ খাল এটি। খালটি দীঘা, বালিদিয়া ও নহাটা ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত হয়ে নহাটা এলাকায় নবগঙ্গা নদীতে গিয়ে মিশেছে। অন্য পাশ শিরগ্রামের কাছে মধুমতি নদীতে পড়ছে। শিরগ্রাম বাজারের সঙ্গেই মধুমতি।
এ খাল দিয়ে উপজেলার দীঘা, বালিদিয়া ও নহাটা ইউনিয়নের ২৫-৩০টি গ্রামের কৃষিজমির পানি বের হয়ে নবগঙ্গা ও মধুমতি নদীতে গিয়ে পড়ে। শুষ্ক মৌসুমে এ খালের পানি থেকে কৃষকেরা জমিতে সেচও দেন।
মধুমতি নদীতে খালটির প্রবেশমুখে শিরগ্রাম বাজার। বাজারের পাশে সোনাপুর এলাকায় খালের প্রায় ২০০ ফুট জায়গা দখল করে ঢালাই দিয়ে উঁচু আরসিসি পিলারের ওপর স্থায়ী স্থাপনা (দোকানঘর) নির্মাণ করছেন তরিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি সোনাপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। দোকানঘর নির্মাণের জন্য বালুর বস্তা দিয়ে খালের জায়গা ভরাট করা হয়েছে। এ কারণে বর্ষা মৌসুমে খালে পানির প্রবাহ বিঘ্নিত হবে এবং ভবিষ্যতে খাল আরও সংকুচিত হয়ে তিনটি ইউনিয়নের কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসীর শঙ্কা।
উপজেলা ভূমি কার্যালয়ের নথি থেকে জানা গেছে, দখল হওয়া সরকারি খালটির জমি বিলঝলমল মৌজার ১২২৭ দাগের খাস খতিয়ানভুক্ত। ১৯২৪ ও ১৯৬২ সাল এবং হাল রেকর্ডে এটি সরকারি খাস খতিয়ানভুক্ত হিসেবে দেখানো হয়েছে।

শিরগ্রামের বাসিন্দা কৃষক আফসার উদ্দিন (৬৫) বলেন, ‘খালটি ব্রিটিশ আমলের। সরকারি এই খালের পানির প্রবাহের পথ বিঘ্নিত করে এভাবে কেউ পাকা স্থাপনা নির্মাণ করতে পারেন না।’

স্থানীয় ব্যবসায়ী আমিনুল ইসলাম (৫০) বলেন, ‘ছোটবেলা থেকে দেখে আসছি ওই খাল দিয়ে এই এলাকার পানি বের হয়ে সোনাপুর হয়ে মধুমতি নদীতে গিয়ে পড়ে। এখন দেখছি উনি (তরিকুল) খালের মধ্যে পিলার তৈরি করে পাকা স্থাপনা নির্মাণ করছেন।’

জিজ্ঞাসা করা হলে তরিকুল ইসলাম দাবি করেন, যেখানে দোকানঘর নির্মাণ করছেন ওই সম্পত্তির মালিক তিনি। তবে ভুলক্রমে তাঁর নামে ওই জমি রেকর্ড হয়নি।

দীঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম (হিরু মিয়া) বলেন, ‘আমার জানামতে খালটি সরকারি। খাল দখল করে দোকানঘর নির্মাণের বিষয়টি আমি শুনেছি।’

এ ব্যাপারে মহম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন হোসেন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘খাল দখল করে দোকানঘর নির্মাণের বিষয়টি আমাদের কাছে এসেছে। দ্রুত আইনি ব্যবস্থার মাধ্যমে খাল দখলমুক্ত করা হবে।’