খাল দখলের মহোৎসব

একজন সাংসদ করছেন বিপণিবিতান। আরেক ব্যবসায়ী করছেন পেট্রলপাম্প। রাজশাহী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি খাল ভরাট করে এভাবে দখলদারত্বে মেতে উঠেছেন আরও অনেকে।
কয়েকজন দখলদার বলছেন, তাঁরা খালের ইজারা নিয়ে স্থাপনা করছেন। কিন্তু রাজশাহী জেলা প্রশাসনের ভাষ্য হচ্ছে, এই খাল ইজারাযোগ্য নয়।
রাজশাহী-নওগাঁ সড়কের পূর্ব পাশ দিয়ে সওজের এই খালটি পবা উপজেলার ভেতর দিয়ে চলে গেছে। এ খাল দিয়ে নগরের অনেক নালার পানি নেমে যায়।
সওজের একটি সূত্র বলেছে, গুরুত্বপূর্ণ এই খাল ভরাট করে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আবদুল ওয়াদুদ রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায় বিপণিবিতান নির্মাণ করছেন। তবে সাংসদের দাবি, বিপণিবিতানটির মালিক তাঁর ভাই। ভাইয়ের অসুস্থতার কারণে তিনি এটি তদারক করছেন। সওজের কাছ থেকে ইজারা নিয়ে তাঁরা খাল ভরাট করেছেন।

তবে এই খাল কোনোভাবেই ইজারাযোগ্য নয় বলে জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী। এ বিষয়ে সাংসদ বলেন, ‘এটা জেলা প্রশাসনের জায়গা নয়। সওজের জায়গা। আমরা তাদের কাছ থেকেই ইজারা নিয়েছি।’
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বিপণিবিতানটির দোকান বরাদ্দ দেওয়ার জন্য রাস্তায় গাছের সঙ্গে সাইনবোর্ড টাঙানো হয়েছে। তাতে একটি মুঠোফোন নম্বর দেওয়া। ওই নম্বরে যোগাযোগ করলে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিজেকে বিপণিবিতানের ব্যবস্থাপক পরিচয় দিয়ে বলেন, তাঁরা সওজের কাছ থেকে ইজারা নিয়ে খাল ভরাট করেছেন।
সাংসদ ছাড়াও আরও অনেকে খাল দখল করেছেন। এর মধ্যে রাজশাহী নগরের নওদাপাড়া আমচত্বরের উত্তর পাশে ইট-বালু ফেলে খাল ভরাট করে রাস্তা তৈরি করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন

করপোরেশন (বিএডিসি)। একই এলাকায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের সামনে পুরো খাল দখল করে তৈরি করা হয়েছে নার্সারি। সেখানকার বাসিন্দারা খাল দখল করে এই নার্সারি করেছেন।
নগরের শালবাগান এলাকায় অবস্থিত ৩৭ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর ও টেক্সটাইল মিলের সামনের খানিকটা জায়গা বাদ দিয়ে খালের পুরো অংশই দখল করে বাজার বসেছে। খালের এই অংশ নওদাপাড়া বাজার ও হাটচালির মধ্যে পড়েছে। সব মিলে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান নগরের শালবাগান থেকে পবা উপজেলার ভূমি কার্যালয় পর্যন্ত এই খাল দখল করে নিয়েছে।
উপজেলার ভুগরইল এলাকায় একইভাবে খাল ভরাট করে পেট্রলপাম্প করছেন ব্যবসায়ী আবদুল গাফফার। তাঁর জমির পাশেই সওজের খালটি। এর ২৭ শতাংশ জমি ভরাট করে তিনি তা নিজের জমির সঙ্গে একীভূত করে পেট্রলপাম্পটি করছেন।

আবদুল গাফফার বলেন, মোহনপুর উপজেলায় তাঁর একটি পাম্প রয়েছে। এখানে আরও একটি করছেন। পেট্রলপাম্প সাধারণত রাস্তার ধারে করা হয়। রাস্তার সঙ্গে সংযোগ সড়ক করার জন্য ইজারা নেওয়ার নিয়ম রয়েছে। তিনি এই জমি ইজারা নিয়েছেন। এ বিষয়ে উপজেলা ভূমি কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার শাহাদত হোসেন বলেন, পাম্পের মালিক আবদুল গাফফারকে দুই দফা নোটিশ দিয়ে জমি ভরাট বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও তিনি কাজ বন্ধ করেননি। ৭৪৪ নম্বর দাগের ২৭ শতাংশ জমি সওজের নামে রেকর্ড রয়েছে। এর পুরোটাই দখলে চলে গেছে। রাজশাহী সওজের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, উচ্ছেদ অভিযান চালাতে হলে জেলা প্রশাসনকেও সঙ্গে নিতে হবে। কারণ, সওজ একা অভিযান চালালে দখলদারেরা বলতে পারেন এ জমি জেলা প্রশাসনের। এ জন্য তাঁরা যৌথভাবে অভিযান চালাবেন।
রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর আলম বলেন, পরিবেশ সংরক্ষণ আইনের ৬(ঙ) ধারা অনুযায়ী জলাধার হিসেবে চিহ্নিত কোনো জায়গা কেউ ভরাট করতে পারবেন না। এ আইন অমান্যকারীর সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা অথবা ১০ বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।