খাল, নদীর পাড় দখল করে স্থাপনা নির্মাণের প্রক্রিয়া

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভোরাঘাট বাজার এলাকার খালের মুখ মাটি ফেলে ভরাট করে স্থাপনা নির্মাণের প্রক্রিয়া চলছে। অন্যদিকে খালের বিপরীতে নরসুন্দা নদীর পাড়ের প্রায় ২০০ ফুট জায়গা ভরাট করে ফেলা হয়েছে। এলাকার প্রায় ১৩ জন লোক এতে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার আচারগাঁও ইউনিয়নের জামতলা বাজার থেকে পূর্ব-দক্ষিণ দিকের সড়ক ধরে এগিয়ে গেলে সিংরইল বাজার। সেখান থেকে দুই-আড়াই কিলোমিটার এগোলেই ঘাটের পশ্চিম পাড়ে ভোরাঘাট বাজার। এই বাজার ঘেঁষেই রয়েছে খাল ও নদীর সংযোগস্থল। খালের ওপর একটি পদ-চারি সেতু আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস ধরে খালের মুখে মাটি ফেলে ভরাটের কাজ চলছে। আর চার মাস আগে নরসুন্দা নদী থেকে শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র দিয়ে মাটি তুলে পাড়ের জায়গা ভরাট করে ফেলা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, মাত্র দুই ফুটের মতো জায়গা খোলা রয়েছে। সেতুর পশ্চিম পাড়ে দাঁড়িয়ে কথা হয় মাটি ভরাটকারীদের একজন রাসেল মিয়ার সঙ্গে। তিনি দাবি করেন, ওই খালে সিংরইল গ্রামের নুরুল ইসলাম খাঁর জমি রয়েছে। সেই জমি থেকে তাঁরা এক বছর আগে ১২ জন মিলে ১৮ শতক জমি তিন লাখ টাকায় কিনেছেন। এখন মাটি ভরাট করে জায়গাটি বাজারের সমান উঁচু করে দোকানপাট তুলবেন।
সিংরইল গ্রামে গিয়ে নুরুল ইসলাম খাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, তাঁর বাবা ওই জমি কিনেছিলেন। তিনি দেয়াল তুলে জমি চিহ্নিত করে রেখেছেন। তবে জমির দাগ নম্বর তিনি বলতে পারেননি। খালের ওপর নির্মিত সেতুটিতে দাঁড়ালে দেখা যায়, নুরুল ইসলাম দেয়ালটি খালের মাঝ বরাবর তুলেছেন।
সিংরইল ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা আবদুল আজিজ বলেন, নতুন নকশায় (ভূমির মানচিত্র) ওই খালটি চিহ্নিত করা নেই। তবে পুরোনো নকশায় কী আছে, তা না দেখে বলা সম্ভব নয়।
অন্যদিকে খালের পূর্ব দিকে নরসুন্দা নদীর প্রায় ২০০ ফুট পাড় মাটি ভরাট করে দখল করে নিয়েছেন এলাকার আবুল ইসলাম নামের এক ব্যক্তি। এলাকাবাসী সূত্রে জানা যায়, মাটি ভরাটকাজে স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খান বাধা দিয়েছিলেন। এ ব্যাপারে কথা বলতে আবুল ইসলামের বাড়িতে গেলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সদ্য যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরা তরফদার বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।