খাল ভরাট করে বাড়ি রাস্তা নির্মাণ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কামালপুর গ্রামে তিন ব্যক্তির বিরুদ্ধে সরকারি খাল ভরাট করে বাড়ি ও রাস্তাঘাট নির্মাণের অভিযোগ উঠেছে। দখল করতে গিয়ে একটি কালভার্ট মাটি চাপা পড়েছে।
ওই তিন ব্যক্তি হলেন নসু মিয়া, হোসেন ভূঁইয়া ও রঙ্গু মিয়া। তাঁদের বাড়ি কামালপুর গ্রামে। ৩১ জানুয়ারি ওই তিনজনকে ডেকে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ খাল থেকে মাটি সরিয়ে নিতে তাঁদের নির্দেশ দিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ বলেন, সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারীর প্রতিবেদনের ভিত্তিতে ওই তিনজনকে কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের খাল থেকে মাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নসু মিয়ার ছেলে মো. আলাউদ্দিন বলেন, ‘খালটি আমাদের মালিকানাধীন। তাই ভরাট করেছি। সার্ভেয়ার ও ভূমি সহকারী কর্মকর্তার পরিমাপে ভুল হয়েছে। আবার পরিমাপের জন্য আবেদন করেছি।’
হোসেন ভূঁইয়া বলেন, ‘সরকারি নির্দেশ অনুযায়ী মাটি সরিয়ে নেব।’ এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করা হলেও রঙ্গু মিয়াকে পাওয়া যায়নি।
এলাকাবাসী ও উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, এক-দেড় বছর আগে নসু মিয়া তাঁর বাড়ির সামনে খালটি ভরাট করে ফেলেছেন। এতে এলজিইডির নির্মাণ করা একটি বক্স কালভার্ট মাটিচাপা পড়ে। কয়েক মাস আগে হোসেন ভূঁইয়া ও রঙ্গু মিয়া খাল ভরাট করে বাড়িতে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করেন। গত ২ ডিসেম্বর উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী আকলিমা আক্তার ও কায়েমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভূমি সহকারী কর্মকর্তা আতাউর রহমান স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিমাপ করে খাল দখলের সত্যতা পায়। তাঁদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ ওই তিন ব্যক্তিকে মাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
কামালপুর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য আবুল বাসার বলেন, খাল ভরাট হয়ে যাওয়ায় পানিনিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।